মানিকগঞ্জে তরুণের মৃত্যু, হত্যার অভিযোগ
মানিকগঞ্জের সিঙ্গাইরে নিখোঁজের একদিন পর এক তরুণের লাশ পাওয়া গেছে, যাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
সিঙ্গাইর থানার ওসি মো. সৈয়দুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার কাশিমনগর গ্রামের সড়কের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।
নিহত আনোয়ার হোসেন (২০) উপজেলার তেলিখোলা গ্রামের আবদুর রহিমের ছেলে।
আনোয়ারের বাবা আবদুর রহিম অভিযোগ করেন, তেলিখোলা গ্রামের এক কিশোরীর সঙ্গে আনোয়ারের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হওয়ায় পর কয়েকদিন ধরে ওই কিশোরীর বাড়ির লোকজন আনোয়ারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।
গত মঙ্গলবার রাতে মোবাইলে ফোনে কে বা কারা বাড়ি থেকে ডেকে নেওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন আনোয়ার।
ওই কিশোরীর পরিবারের লোকজন তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে বলে অভিযোগ করেন আনোয়ারের বাবা।
সিঙ্গাইর থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে দুপুরের দিকে আনোয়ারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর রহস্য জানা যাবে বলে আশা করা হচ্ছে। আপাতত থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
