২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগার থেকে হাসপাতালে সিলেটের মেয়র আরিফুল

কিবরিয়া হত্যা মামলায় গ্রেপ্তার সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে অসুস্থতার কারণে হবিগঞ্জ কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 11:54 AM

Updated : 22 Aug 2022, 11:22 AM

হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে আরিফুলকে হাসপাতালে আনা হয়। তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।

বুধবার সন্ধ্যার পর বুকে ব্যাথা অনুভব করলে বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুলকে হবিগঞ্জের কারাগার থেকে জেলার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে রাতেই ঢাকায় পাঠানো হয় বলে স্থানীয় পুলিশ জানায়।

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় গত মঙ্গলবার আত্মসমর্পণের পর আরিফুল হক চৌধুরীকে কারাগারে পাঠায় হবিগঞ্জের আদালত।

গতবছর ১৩ নভেম্বর খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও আরিফুল হক চৌধুরীসহ নতুন ১১ জনকে যুক্ত করে এ মামলায় তৃতীয় দফা সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশ।

আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আরিফুল আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠাতে বলেন।