উৎসবের অপেক্ষায় সাড়ে ৪ কোটি শিক্ষার্থী
সব প্রস্তুতি শেষ। স্কুলে স্কুলে পৌঁছে গেছে নতুন বই। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে বিনামূল্যে বিতরণের চাররঙা বই।
তবে এর মধ্যেই জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে শঙ্কার কথা জানিয়েছেন কোন কোন অভিভাবক।
বৃহস্পতিবার হরতালের মধ্যেও ‘পাঠ্যপুস্তক উৎসব’ উদযাপনের ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
২০১৫ শিক্ষাবর্ষের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক শ্রেণির চার কোটি ৪৪ লাখ শিক্ষার্থীর হাতে ৩২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার বই বিনামূল্যে তুলে দেওয়া হবে।
গত সাত বছর ধরে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে সরকার দিনটিকে ‘পাঠ্যপুস্তক উৎসব’ হিসাবে উদযাপন করে আসছে।
গত ৩০ ডিসেম্বর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বিতরণের নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেছেন।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান মো. আবুল কাশেম মিয়া বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব প্রস্তুতি শেষ করেছি। স্কুলে স্কুলে বই পৌঁছে গেছে। সব স্কুলেই পাঠ্যপুস্তক উৎসব হবে। সবাই নতুন বই পাবে।”
এদিকে হরতালের মধ্যে পাঠ্যপুস্তক উৎসব উদযাপন নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উৎসবের সার্বিক প্রস্তুতি জানতে বুধবার এনসিটিবি পরিদর্শন করে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন বলেও জানান বোর্ডটির চেয়ারম্যান।
এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারসহ ওই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকও করেছেন নাহিদ।
বৃহস্পতিবার সকাল ১০টায় মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মিলে কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উৎসব উদযাপন করবে।
এতে শিক্ষামন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, উভয় মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পাঠ্যপুস্তক উৎসবের দিনে হরতাল আহ্বানে ক্ষোভ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলছেন, “স্বাধীনতাবিরোধী চক্রের সকল অপতৎপরতা ও বাধা উপেক্ষা করে সব শিশুর কাছে বিনামূল্যে বই পৌঁছানো হবে।
“বছর শুরুর দিনে শিক্ষার্থীদের এই আনন্দ কাউকে নস্যাৎ করতে দেওয়া হবে না।”
পাঠ্যপুস্তক উৎসবের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এই উৎসবে যোগ দেওয়ারও আহ্বান জানিয়েছেন নাহিদ।
তবে কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক জানিয়েছেন, হরতালের দিনে নতুন বই নিতে সন্তানদের বিদ্যালয়ে পাঠানো নিয়ে দুঃচিন্তায় আছেন তারা।
এদেরই একজন রানা মুহম্মদ মাসুদ বলেন, “গ্রামের স্কুল হলে সন্তানকে নিয়ে স্কুলে যেতাম। কিন্তু হরতালে ঢাকার যে অবস্থা হয় তাতে বাচ্চাকে নিয়ে বের হতেই ভয় করছে।”
সেগুনবাগিচার এলাকায় সোহেল পারভেজ বলেন, “সরকার হরতালের মধ্যে পাঠ্যপুস্তক উৎসব করলেও আমার ছেলেকে ওইদিন স্কুলে পাঠাবো না। কারণ ওর কোন ক্ষতি হলে এর দায় কি সরকার নেবে?”
