বছরজুড়ে আলোচনায় জঙ্গিবাদ, র্যাব
নির্বাচন ঘিরে দেশের মানুষ ২০১৪ সাল শুরু করেছিল রাজনৈতিক সহিংসতা বাড়ার আশঙ্কা নিয়ে। নির্বাচনের পর সেই শঙ্কা থিতিয়ে এলেও চাঞ্চল্যকর কয়েকটি খুন, বিচার বহির্ভূত হত্যা আর নতুন করে জঙ্গি তৎপরতার খবরে বারবার আলোড়িত হয়েছে বাংলাদেশ।
সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিদায়ী বছরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকার দাবি করা হলেও বড় ধরনের অপহরণ ও খুনের ঘটনায় খোদ আইনশৃঙ্খলা বাহিনীর জড়িত থাকার অভিযোগ এসেছে ঘুরেফিরে।
পুলিশের হিসাবে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশে খুন হয়েছেন চার হাজার ১৮৫ জন, আর অপহরণের ঘটনা ঘটেছে ৭৯৯টি। এছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ১৯ হাজারের বেশি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল গত মঙ্গলবারও বলেছেন, বর্তমান সরকারের পুরো মেয়াদে, অর্থাৎ ২০১৯ সাল পর্যন্ত দেশের পরিস্থিতি ‘ভালো’ থাকবে বলে তিনি আশা করেন।
এরই মধ্যে বছর শেষে রদবদল এসেছে পুলিশ ও র্যাবের শীর্ষ পর্যায়ে। হাসান মাহমুদ খন্দকার অবসরে যাওয়ায় পুলিশের নতুন মহাপরিদর্শক হয়েছেন এ কে এম শহীদুল হক। র্যাবের নেতৃত্বে এসেছেন ঢাকার পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।
গত ৩০ এপ্রিল লাশ উদ্ধারের ছবি
বছরের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা, যার সঙ্গে র্যাবের জড়িত থাকার প্রমাণ মিলেছে এই ‘এলিট’ বাহিনীর অভ্যন্তরীণ তদন্তেই।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণের তিনদিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।
চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে আরেক কাউন্সিলর নূর হোসেনের দিকে। অভিযোগ ওঠে, নূর হোসেন র্যাঙবকে ছয় কোটি টাকা দিয়ে সাতজনকে হত্যা করিয়েছেন।
এরপর ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা র্যাব-১১ এর অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদ, তার দুই সহকর্মী মেজর আরিফ হোসেন এবং লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানার চাকরি যায়, তাদের গ্রেপ্তারও করা হয়।
আদালতে তারা হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। র্যাবের অভ্যন্তরীণ তদন্তে তাদেরই হত্যাকাণ্ডের পেছনের মূল ব্যক্তি হিসাবে চিহ্নিত করা হয়েছে।
নৃশংস এ ঘটনার রেশ না কাটতেই ফেনীতে ঘটে আরেকটি ঘটনা। ২০ মে জেলা শহরের বিলাসী প্রেক্ষাগৃহের সামনে দিনেদুপুরে গুলি করে ও ছুরিকাঘাতের পর গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয় ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে।
একরাম হত্যায় স্থানীয় আওয়ামী লীগের আভ্যন্তরীণ দ্বন্দ্ব ও হত্যা পরিকল্পনায় দলের স্থানীয় দুই নেতার সংশ্লিষ্টতার অভিযোগ এলেও হত্যা মামলা হয় বিএনপি নেতা মাহতাব উদ্দীন চৌধুরীসহ ৩০/৩৫ জনের বিরুদ্ধে।
মিরপুরের কালশীতে আটকে পড়া পাকিস্তানিদের ক্যাম্পে হামলা ও আগুন দেওয়ার ঘটনাও এ বছরের অন্যতম আলোচিত ঘটনা। ১৩ জুন রাতে ওই ঘটনায় আগুনে পুড়ে মারা যায় নারী ও শিশুসহ ১০ জন। এর মধ্যে নিহত নয়জন একই পরিবারের।
গত ২৭ অগাস্ট রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারে ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলির সদস্য ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ফারুকী আহলে সুন্নাতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান উপস্থাপনা করতেন।
এর একদিন পরই মগবাজারের সোনালীবাগে রেলের জমি দখল নিয়ে বিরোধের জেরে খুন হন তিনজন। ওই খুনের ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি কালা বাবু পরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
বছরের শেষভাগে পুরো দেশকে নাড়া দিয়ে যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম শফিউল ইসলাম হত্যাকাণ্ড।
১৫ নভেম্বর বিকালে ক্যাম্পাস থেকে বাসায় ফেরার পথে লালনভক্ত এই শিক্ষককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলোর অবস্থানের মধ্যেও ‘ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের’ ঘটনা থেমে থাকেনি।
বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে ২০১৪ সালে আইনশৃঙ্খলা বাহিনীর ‘ক্রসফায়ার’; ‘বন্দুকযুদ্ধ’; ‘গুলিবিনিময়’ ও ‘এনকাউন্টারের’ নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলাবাহিনীর হেফাজতে নির্যাতন ও মৃত্যুর ঘটনা আগের বছরের তুলনায় বেড়েছে।
আসকের হিসাবে, এ বছর আইনশৃঙ্খলা বাহিনীর ‘ক্রসফায়ার’; ‘বন্দুকযুদ্ধ’; ‘গুলিবিনিময়’ ও ‘এনকাউন্টারে’ ১২৮ জনের মৃত্যু হয়েছে। ২০১৩ সালে এ সংখ্যা ছিল ৭২ জন।
কথিত ‘বন্দুকযুদ্ধে’ বছরের সবচেয়ে বড় হতাহতের ঘটনা ঘটে অক্টোবরের প্রথমদিকে সুন্দরবনে। ৫ অক্টোবর ভোরের দিকে পাইকগাছার ঝিলবুনিয়া ও কয়রা উপজেলার হড্ডা গ্রামে পুলিশের সঙ্গে দুই দফা ‘বন্দুকযুদ্ধে’ ১৩ জন নিহত হন, যাদেরকে ডাকাত বলে দাবি করেছে পুলিশ।
বিভিন্ন সময়ে অপহরণ ও গুমের অভিযোগও এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের দাবি, যতো অভিযোগ করা হয়, গুমের ঘটনা ততো নয়।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানও বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর হাতেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়ার কথাও তিনি বলেছেন।
তিন বছর আগে কথিত বন্দুকযুদ্ধে পা হারানো ঝালকাঠির তরুণ লিমন হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলা এ বছরই তুলে নিয়েছে র্যাব। তবে র্যাবের বিরুদ্ধে তার মায়ের দায়ের করা মামলা এখনো গতি পায়নি।
এই প্রিজন ভ্যানে হামলা চালিয়ে ছিনিয়ে নেয়া হয় তিন জঙ্গিকে
সরকার বিভিন্ন সময় ধর্মীয় উগ্রতা, জঙ্গিবাদের বিরুদ্ধে শক্ত অবস্থানের জানান দিলেও জঙ্গিরা যে বসে নেই তার প্রমাণ এ বছর মিলেছে কয়েকটি ঘটনায়। বাংলাদেশ যে বিদেশি নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর নজরেও রয়েছে- তার আভাসও এসেছে।
ময়মনসিংহের ত্রিশালে পুলিশ হত্যা করে আটক সহযোগীদের ছিনিয়ে নেওয়ার মতো দুঃসাহসিক ঘটনা ঘটিয়ে দেশের আইনশৃঙ্খলাবাহিনীর দিকে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), যে দলটি ২০০৫ সালের ১৭ অগাস্ট দেশজুড়ে সিরিজ বোমা হামলা চালিয়েছিল।
২৩ ফেব্রুয়ারি দিনেদুপুরে পুলিশের প্রিজন ভ্যানে গুলি ও বোমা ছুড়ে জেএমবির জঙ্গিরা তাদের দণ্ডিত তিন সদস্য সালাউদ্দিন সালেহীন সানি, রাকিবুল হাসান ও মিজান ওরফে বোমা মিজানকে ছিনিয়ে নেয়।
হামলায় প্রিজন ভ্যানে থাকা পুলিশ কনস্টেবল আতিকুল ইসলাম নিহত হন। আর পুলিশের হাতে গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন জঙ্গি রাকিব।
অনেকদিন ‘নিশ্চুপ থাকা’ জেএমবির তৎপরতার খবর এবার নতুন মাত্রা পায় গত ২ অক্টোবর ভারতের বর্ধমানে একটি বাড়িতে বিস্ফোরণে দুইজনের মৃত্যুর পর।
ভারতীয় গোয়েন্দাদের দাবি, ওই বাড়িটি জেএমবির বোমা তৈরির ঘাঁটি ছিল। বিস্ফোরণের ওই ঘটনা তদন্ত করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপিনেত্রী খালেদা জিয়াকে হত্যায় জঙ্গি পরিকল্পনার কথাও জানতে পারে গোয়েন্দারা।
পরে দুই দেশের গোয়েন্দারাই নিশ্চিত হন যে, জেএমবি এখন আন্তঃসীমান্ত জঙ্গি কার্যক্রম চালাচ্ছে।
আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর নজরে বাংলাদেশের থাকার বিষয়টি সামনে আসে আল কায়েদার বর্তমান নেতা আয়মান আল জাওয়াহিরির একটি অডিও বার্তা প্রকাশের পর।
গত ফেব্রুয়ারিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯ মিনিটের ওই বার্তায় বাংলাদেশে জিহাদের ডাক দিয়ে ‘ইসলামবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানান তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল হত্যায় জঙ্গি সংশ্লিষ্টতার কথা বলেছেন তার ছেলে। ফারুকী হত্যায় জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিমের সম্পৃক্ত থাকার সন্দেহ করছেন গোয়েন্দারা।
বছরের বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে জেএমবি, আনসারুল্লাহ বাংলাটিমসহ বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের বহু কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে রমনা বোমা হামলার ঘটনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ (হুজি) সদস্য আবু বকর সিদ্দিক ওরফে হাফেজ সেলিম হাওলাদারও রয়েছেন।
এছাড়া হবিগঞ্জে ভারতের সীমান্তলাগোয়া সাতছড়ি বনে কয়েক দফা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় এদেশে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী দলগুলোর তৎপরতার বিষয়টি নতুন করে আলোচিত হয়। ওই স্থানটি এক সময় অল ত্রিপুরা টাইগার ফোর্সের (এটিটিএফ) ঘাঁটি ছিল বলে র্যা বের ধারণা।
গতবছরের মতো এবারো বিভিন্ন সময় চোরাই সোনার চালান ধরা পড়েছে, যার অধিকাংশই ঘটেছে চট্টগ্রাম ও ঢাকার দুই বিমানবন্দরে।
এ বছর সোনার সবচেয়ে বড়, ১০৬ কেজির চালানটি ধরা পড়ে শাহজালাল বিমানবন্দরে ২৬ এপ্রিল।
সোনা চোরাচালানে বিমানকর্মীদের জড়িত থাকার বিষয়টিও জোরেসোরে উচ্চারিত হওয়ার মধ্যেই বিমানের এক উপ মহাব্যবস্থাপকসহ পাঁচজন গ্রেপ্তার হন। আরও বিমানকর্মীর এই চোরাচালানচক্রে জড়িত থাকার তথ্য বেরিয়ে আসে।
সবশেষ ২৫ নভেম্বর পুরানা পল্টনের এক বাসায় অভিযান চালিয়ে দেড় মণ সোনা ও সাড়ে আট কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।
ফাইল ছবি
এ বছর সবচেয়ে বেশি প্রাণহানী ঘটেছে এমএল পিনাক-৬ ও এমভি মিরাজ-৪ নামের দুটি লঞ্চডুবির ঘটনায়।
১ মে মিরাজ-৪ ডুবে মারা যান ৬০ জন। আর ৪ অগাস্ট পিনাক দুর্ঘটনায় ৪৮ জনের মৃতদেহ পাওয়া গেলেও নিখোঁজ থাকেন অন্তত ৬১ জন।
২০ অক্টোবর নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৬ জন নিহত হন।
১১ জুলাই বরিশালের উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস বাজারের মধ্যে ঢুকে গেলে ১১ জনের মৃত্যু হয়।
সর্বশেষ গত ২৯ ডিসেম্বর রাজধানীর কমলাপুর কনটেইনার ডিপোতে স্টেশনমুখী একটি ট্রেনের সঙ্গে একটি লরির সংঘর্ষে ছয়জনের প্রাণ যায়।
পরিবেশ বিপর্যয়ের শঙ্কা জাগিয়ে গত ৯ ডিসেম্বর একটি কার্গো জাহাজের ধাক্কায় সুন্দরবনের শেলা নদীতে ডুবে যায় ওটি সাউদার্ন স্টার-৭ নামের একটি ট্যাংকার। এতে সাড়ে তিন লাখের বেশি জ্বালানি তেল ছড়িয়ে পড়ে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে।
বছরের শেষভাগে রাজধানীর শাহজাহানপুরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে জিহাদ নামে চার বছর বয়সী এক শিশুর পড়ে যাওয়া এবং ২৩ ঘণ্টার পর সেই পাইপ থেকে তাকে মৃত উদ্ধারের ঘটনা মানুষকে ব্যথিত করে।
এসব ঘটনার বাইরে অগাস্টে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জমজ নবজাতকের একটি চুরি যাওয়ার ঘটনাও তুমুল আলোচিত হয়। ২১ অগাস্ট চুরি করা সেই নাবজাতককে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়। এক সপ্তাহ পর র্যাণব গাজীপুর থেকে শিশুটিকে উদ্ধার করে।
