মিরসরাইয়ে কাভার্ড ভ্যানে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানায় একটি কার্ভাড ভ্যানে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরসরাইয়ের বড়তাকিয়া বাইপাস এলাকায় আগুন লাগানোর পর স্থানীয় লোকজন ও পুলিশ আগুন নেভাতে সক্ষম হয়।
তবে আগুনে কেউ হতাহত হয়নি।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাড়ে ৭টার দিকে দুষ্কৃতকারীরা বড়তাকিয়া বাইপাসে একটি ঢাকামুখী কাভার্ড ভ্যান থামিয়ে এর চালক ও সহকারীকে মারধর করে।
“পরে তারা কাভার্ড ভ্যানটির কেবিনে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কাভার্ড ভ্যানটি থানায় নিয়ে রাখা হয়েছে।”
এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফজলুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। তেমন কোনো ক্ষতি হয়নি।”
