দোহারে ইটভাটা মালিককে জরিমানা
ঢাকার দোহার উপজেলায় ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে দুই মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া খাল ভরাট করে ওই ইটভাটা নির্মাণ করায় কেন ব্যবস্থা নেওয়া হবে না তা ব্যাখ্যা করতে বলা হয়েছে তাদের।
বুধবার দুপুরে ইসলামপুর খালপাড় গ্রামের আবুল হোসেন ও ইসমাঈল ভূইয়ার ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা নিপা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েক মাস আগে অবৈধভাবে সরকারি খাল ভরাট করে ইটভাটা নির্মাণ করেন স্থানীয় প্রভাবশালী ইসমাঈল ভূইয়া ও আবুল হোসেন।
গত কয়েকদিন ধরে তার ভাটায় কাঠ পোড়ানো হচ্ছিল বলে অভিযোগ করেন এলাকাবাসী। এর পরিপ্রেক্ষিতে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, ইটভাটায় কাঠ ব্যবহার করায় দুই মালিকদের অর্থদণ্ড করা হয়। এছাড়া খাল ভরাট করায় তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা দুদিনের মধ্যে ব্যাখ্যা করতে নোটিশ দেওয়া হয়েছে।
