২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন-লরি সংঘর্ষ: নিহত নারীর খোঁজ নেয়নি কেউ

রাজধানীর কমলাপুর কনটেইনার ডিপোতে ট্রেনের সঙ্গে লরির সংঘর্ষে নিহত ছয়জনের মধ্যে পাঁচজনের পরিচয় মিলেছে। তবে নিহত এক নারীর পরিচয় মঙ্গলবার রাত পর্যন্ত মেলেনি বলে পুলিশ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 12:15 AM

Updated : 13 Oct 2022, 12:58 PM

নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- মজিবুর রহমান (৫০), নাইম ইসলাম (১৬), আলমগীর হোসেন (৩৫), ইসমাইল (৩০) ও নজরুল ইসলাম (৩৫)।

ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নজরুলের পরিচয় আজ (মঙ্গলবার) জানা গেছে। সে একজন ভিক্ষুক। ফতুল্লায় বসবাস করেন। গতকাল ভিক্ষা করতে ট্রেনে করে ঢাকায় আসছিলেন।”

নিহত আনুমানিক ২৫ বছর বয়সী এক নারীর খোঁজে কেউ আসেনি বলে ওসি জানান।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে আসা একটি ট্রেন কমলাপুর স্টেশনে ঢোকার মুখে লরির সঙ্গে সংঘর্ষে ছয়জন নিহত হন এবং ১১ জন আহত হন।

আহতের মধ্যে নাসিরের (২২) ডান হাত এবং মোস্তাফা প্রধানের (৪০) বাম পা কেটে যায়। ঢাকা মেডিকেল কলেজে ভর্তি এই দুজনের চিকিৎসা খরচ হিসেবে ২০ হাজার টাকা দেন।

এই ঘটনায় সোমবার রাতেই রেলওয়ের সহকারী প্রকৌশলী আব্দুল মতিন মণ্ডল একটি মামলা করেছেন।

ট্রেনের সঙ্গে সংঘর্ষে চুরমার হয়ে যাওয়া লরিটির মালিকও এর খোঁজ নিতে আসছেন না বলে ওসি মজিদ জানান।