নাঈমা-তামান্না উড়ছেন
প্রথমবারের মত দেশের সামরিক নারী বৈমানিক হিসেবে সফলভাবে একা আকাশে উড়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট নাঈমা হক ও ফ্লাইট অফিসার তামান্না-ই-লুতফী।
গত ১৭ ডিসেম্বর তারা সফলভাবে বেল-২০৬ মডেলের দুটি হেলিকপ্টার আকাশে উড়ান এবং ১৫ মিনিট আকাশে উড়ার পরে মাটিতে নেমে আসেন।
এর আগে গত ২১ নভেম্বর প্রথমবারের মতো সামরিক নারী বৈমানিক হিসেবে আকাশে উড়েন তামান্না-ই-লুতফী।
এ অনন্য অর্জন নিয়ে সম্প্রতি তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলেন।
২০১০ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে যোগ দেন হলিক্রস স্কুল ও কলেজের ছাত্রী নাঈমা হক। ২০১১ ডিসেম্বরে কমিশন পাওয়ার পরে যোগ দেন বিমান বাহিনীর অপারেশনাল শাখায়। বর্তমানে একজন ফ্লাইট লেফটেন্যান্ট তিনি।
বিএএফ শা্হীন স্কুল ও কলেজের ছাত্রী তামান্না-ই-লুতফী বিমানবাহিনীতে যোগ দেন ২০১১ সালে। ২০১২ সালের ডিসেম্বরে কমিশন পাওয়ার পরে তিনিও অপারেশনাল শাখায় যোগ দেন। এখন আছেন ফ্লায়িং অফিসার হিসেবে।
বিমান বাহিনীতে যোগ দেওয়ার পরও বৈমানিক হওয়ার সুযোগ পাবেন তা ভাবেননি দুই জনই। এবছর বেল-২০৬ হেলিকপ্টারে বেসিক কনভার্সন কোর্সের জন্য নির্বাচিত হন তারা। এখন ওই স্কোয়াড্রনের অধীনে উড্ডয়ন প্রশিক্ষণার্থী হিসেবে নিয়োজিত আছেন এই দুই নারী কর্মকর্তা।
গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ১৮ নম্বর স্কোয়াড্রনে প্রথমবারের মত হেলিকপ্টার উড্ডয়ন প্রশিক্ষণ শুরু করেন নাইমা হক ও তামান্না-ই-লুৎফি।
কৃষি বিভাগের সরকারি কর্মকর্তা এম নাজমুল হক ও গৃহিনী নাসরিন বেগমের তিন ছেলে-মেয়ের মধ্যে সবচেয়ে ছোট নাঈমা। বড় হয়েছেন রাজধানীর ইন্দিরা রোড এলাকায়।
ব্রিটিশ শাসনামলে দাদা ছিলেন রয়েল ইন্ডিয়ান এয়ার ফোর্সের সদস্য। তাকে দেখেই স্বপ্নের শুরু।
তামান্না-ই-লুতফীর বাবা নিজেই বিমান বাহিনীর একজন কর্মকর্তা, রয়েছেন ইঞ্জিনিয়ারিং শাখায়। ছোটবেলা থেকেই তাই বিমান বাহিনীর মধ্যেই বড় হয়েছেন, সেই থেকেই আগ্রহ তৈরি হয়েছে, বলেন তামান্না।
বিমান বাহিনীতে যোগ দেওয়ার ব্যাপারে বাবার উৎসাহ পেয়েছেন সবসময়ই।
নিজেদের এ সাফল্যের পথে বাবা-মা থেকে শুরু করে বিমান বাহিনীতে তার প্রশিক্ষক, উর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী সবারই সহযোগিতা পেয়েছেন বলে জানালেন দুজনই।
এরপর পরিকল্পনা কী জানতে চাইলে নাঈমা বলেন, প্রথমত এই প্রশিক্ষণ শেষ করাই পরিকল্পনা। এরপরে দেশের প্রয়োজনে যেখানে দরকার, যেখানে পেশাগত দায়িত্ব পালনে তাকে পাঠানো হবে, সেখানেই কাজ করবেন।
তামান্নার ইচ্ছা জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের একজন হয়ে বিমান চালানোর।
২০০০ সাল থেকে বাংলাদেশ বিমান বাহিনীতে নারীদের নিয়োগ দেওয়া হচ্ছে। তিন সশস্ত্র বাহিনীর মধ্যে বিমান বাহিনীতেই সর্বপ্রথম মেয়েদের নিয়োগ দেওয়া শুরু হয়।
সেক্ষেত্রে প্রথম নারী বৈমানিক কি আরো আগেই কেউ হতে পারতেন না- এমন প্রশ্ন করা হলে নাঈমা ও তামান্না দুইজনই বলেন, প্রশিক্ষণটাই এই সুযোগ এনে দিয়েছে।
তামান্না বলেন, “আরো আগে যারা বিমান বাহিনীতে যোগ দিয়েছেন তাদের এ সুযোগ ছিল না। বিমান বাহিনী এখন আগের চেয়ে আরো বড় হচ্ছে, এখন সুযোগ তৈরি হয়েছে। আমি সুযোগটা পেয়েছি বলে নিজেকে ভাগ্যবতী মনে করছি।
“আর এটা তো একটা বড় পরিবর্তন। সময় তো একটু লাগবেই।”
এর আগে বাংলাদেশের বেশ কয়েকজন নারী বৈমানিক বেসামরিক বিমান চালানোর অনুমতি পেয়েছেন।
১৯৭৭ সালে বাংলাদেশের প্রথম নারী বৈমানিক হিসেবে বিমান চালানোর অনুমতি পান সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা।
১৯৮৪ সালে ঢাকায় একটি ফকার বিমান অবতরণ করাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান পাইলট কানিজসহ ওই বিমানের ৪৫ জন যাত্রী ও চারজন ক্রু।
