২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ধর্মঘটে চিকিৎসক, দুর্ভোগে রোগীরা

ডাক্তার, নার্সসহ সকল পর্যায়ের কর্মচারীদের ধর্মঘটে অচল হয়ে পড়েছে কিশোরগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসা কার্যক্রম।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 09:26 PM

Updated : 25 Apr 2022, 05:10 PM

অবহেলায় মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালের দুইজন চিকিৎসকসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মঙ্গলবার দিনব্যাপী কর্মবিরতি পালিত হয় এখানে।

এর আগে রোববার ও সোমবার একই দাবিতে তিন ঘণ্টা করে কর্মবিরতি করেন তারা।

মামলা প্রত্যাহারের দাবিতে কাজে যোগ না দিয়ে সকালে চিকিৎসক ও নার্সসহ সকল পর্যায়ের কর্মচারীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে হাসপাতাল চত্বরে তারা সমাবেশ করেন।

মামলাটিকে মিথ্যা দাবি করে অবিলম্বে প্রত্যাহারের পদক্ষেপ না নিলে পরবর্তীতে উপজেলা পর্যায়ের সকল হাসপাতাল ও বেসরকারি হাসপাতালেও (ক্লিনিক) পূর্ণ কর্মবিরতি করা হবে বলে ঘোষণা দেন জেলা বিএমএ সাংগঠনিক সম্পাদক ডা. আব্দুল ওয়াহাব বাদল।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি কামরুন্নাহার, চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি তৌফিকুল ইসলাম, ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মো. আমীর হোসেন ও ডিপ্লোমা টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া।

এদিকে টানা তৃতীয় দিন ধর্মঘটের ফলে দুর্ভোগে পড়েছেন হাসপাতালে চিকিৎসাধীন ও বহির্বিভাগে আসা রোগীরা। তারা বাধ্য হয়ে চিকিৎসা না নিয়ে ফিরে যান।

গত ৯ ডিসেম্বর কিশোরগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবী হোসনে আরা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

পরে আদালতের নির্দেশে ২৬ ডিসেম্বর কিশোরগঞ্জ মডেল থানায় মামলাটি তালিকাভুক্ত হয়।

মামলায় বাদী উল্লেখ করেন, চলতি বছরের ৩১ অক্টোবর চিকিৎসক ও নার্সসহ অন্যান্য কর্মচারীদের অবহেলার কারণে তার ভাই মুজিবুর রহমান মেরাজ হাসপাতালে মারা যান।

মামলায় আসামিরা হলেন ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. আহমেদ কবির চৌধুরী, স্টাফ নার্স আবদুস ছালাম ভুইয়া, ব্রাদার আমিনুল ও ওয়ার্ড বয় মো. নুরুল আমিন।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন মামলাটি তালিকাভুক্ত হওয়ার কথা জানিয়ে বলেন, ঘটনার ব্যাপারে তদন্ত চলছে।

সিভিল সার্জন মৃনাল পন্ডিত জানান, প্রসাশন ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমঝোতার চেষ্টা চলছে।