অয়নের জন্য জাহাঙ্গীরনগরে মানববন্ধন
হরতালের আগে গাড়িতে আগুন দিয়ে তানজিমুল হক অয়নকে পোড়ানোয় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা সড়কে এই কর্মসূচি থেকে অয়নের চিকিৎসার ব্যয়ভার নিতে সরকারের প্রতি আহ্বানও জানানো হয়।
২০ দলের হরতালের আগের দিন রোববার রাতে রাজধানীর কাজীপাড়ায় একটি অটোরিকশায় আগুন দেওয়া হলে দগ্ধ হন এই বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র অয়ন।
মানববন্ধনে অয়নের সহপাঠী আবু রায়হান বলেন, “সরকার যেহেতু তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি সেহেতু তার চিকিৎসার ব্যয়ভার সরকারকেই বহন করতে হবে।”
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমদও শিক্ষার্থীদের এই কর্মসূচিতে একাত্মতা জানান।
“অয়নের প্রতি অমানবিক হামলার তীব্র প্রতিবাদ জানাই। পাশাপাশি তার সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানাই।”
নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা অয়নের সঙ্গে তার মা এবং বোনও দগ্ধ হন। তবে অয়নের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় তার অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
