ইবতেদায়ীতে সেরা চট্টগ্রামের বায়তুশ শরফ
মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে এ বছর ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় দেশসেরা ফল করেছে চট্টগ্রামের বায়তুশ শরফ আদর্শ কামিল (এমএ) মাদ্রাসা।
এই শিক্ষা প্রতিষ্ঠানের ৩৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৮ দশমিক ৯২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন।
নিবন্ধিত ছাত্রছাত্রীর সংখ্যা, পাসের হার, জিপিএ-৫ পাওয়ার হার এবং পরীক্ষায় উপস্থিত ছাত্রছাত্রীদের হারের ভিত্তিতে মাদ্রসায় সারা দেশের সেরা ১০ মাদ্রাসার তালিকা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এই হিসেবে বায়তুশ শরফ মাদ্রাসার স্কোর ৯১ দশমিক ১১।
চট্টগ্রামের মিরওয়ারিশপুর সিনিয়র মাদ্রাসা ৮৫ দশমিক ০৩ স্কোর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এই মাদ্রাসার ৪৬১ শিক্ষার্থীর সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৩১ জন।
তৃতীয় স্থানে থাকা ডেমরার দারন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা ৮২ দশমিক ৮৬ স্কোর পেয়েছে। এ প্রতিষ্ঠানের ১৮২ শিক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬২ জন।
দেশসেরা ১০টি মাদ্রাসায় মেধাক্রম অনুযায়ী রয়েছে- ঢাকার বাউনিয়াবাঁদ ইসলামিয়া আলিম মাদ্রাসা (স্কোর ৮১ দশমিক ৩৭), লালবাগের আব্দুর রাজ্জাক জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রসা (স্কোর ৭৯ দশমিক ১৬), কক্সবাজার আদর্শ মহিলা কামিল (মাস্টার্স) মাদ্রাসা (স্কোর ৭৪ দশমিক ৫৬), টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা (স্কোর ৭৪ দশমিক ১৭), ঢাকা ক্যান্টনমেন্টের তানযীমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা (স্কোর ৭৩ দশমিক ৭৬), চট্টগ্রামের আল-হুমাইরা (রা.) মহিলা মাদ্রাসা (স্কোর ৭২ দশমিক ০৪) এবং বগুড়ার বার আঞ্জুল দারুল আমান বালক দাখিল মাদ্রাসা (স্কোর ৬৯ দশমিক ২৫)।
ইবতেদায়ী সমাপনীতে এবার ৯৫ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৫৪১ জন।
