সিলেটে পাসের হার বাড়লেও জিপিএ-৫ কম
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) সিলেট বোর্ডে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫।
এবার পাসের হার ৯১ দশমিক ৫৭ শতাংশ। গতবছর পাসের হার ছিল হার ৯১ দশমিক ১৫ শতাংশ ।
গতবছর ৫ হাজার ৭৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার ৪ হাজার ১১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
পঞ্চমবারের মতো অনুষ্ঠিত এ পরীক্ষায় সিলেট বোর্ডের অধীনে চার জেলার (সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভী বাজার) এক লাখ নয় হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ২৫৫ জন।
মঙ্গলবার দুপুর ১২টায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল মান্নান খান আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেন।
পরীক্ষায় অংশগ্রহণকারী ৯১২টি স্কুলের মধ্যে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে ১৪১টি স্কুল। কেউ পাস করেনি এমন বিদ্যালয় নেই।
সার্বিক ফলাফলে প্রথম হয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েরা ভাল ফল করেছে।
এবার ৬১ হাজার ২২৫ জন মেয়ে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫৬ হাজার ১৫৩ জন। মেয়েদের পাসের হার ৯১ দশমিক ৭২ শতাংশ।
এছাড়া ৪৮ হাজার ২৬০ জন ছেলে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪৪ হাজার ১০২ জন। ছেলেদের পাসের হার ৯১ দশমিক ৩৮ শতাংশ।
মোট উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ গ্রেড ১৮ হাজার ৫২৩ জন, এ মাইনাস গ্রেড ১৮ হাজার ৯৭২ জন, বি গ্রেড ২৪ হাজার ৭০৪ জন, সি গ্রেড ৩১ হাজার ৬১১ জন ও ডি গ্রেডে ২ হাজার ৪৩৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
ফলাফল সম্পর্কে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল মান্নান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবার পাসের হার বাড়লেও জিপিএ-৫ কমেছে। তবে সার্বিক ফলাফল সন্তোষজনক।
জিপিএ-৫ কমে যাওয়া প্রসঙ্গে আব্দুল মান্নান খান বলেন, এবার নতুন করে গণিত বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হয়েছে। এছাড়া একটি বাড়তি বিষয় যোগ হওয়ায় জিপিএ-৫ কমেছে।
বোর্ডের সেরা ২০ স্কুল
পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তি ও বোর্ডের সার্বিক সূচকে সিলেট শিক্ষা বোর্ডের সেরা ২০টি স্কুলের প্রথম পাঁচটি হচ্ছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়।
এছাড়া সিলেটের ব্লু বার্ড উচ্চ বিদ্যালয় রয়েছে ষষ্ঠ স্থানে।
এরপর যথাক্রমে রয়েছে স্কলার্স হোম, সিলেটের জালালবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল, হবিগঞ্জের বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কমলগঞ্জের বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ, বড়লেখার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল, দি ফ্লাওয়ার এসকেজি অ্যান্ড হাই স্কুল, সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের দি-বার্ড রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, হোমল্যান্ড আইডিয়াল স্কুল, সেন্ট মার্থস জুনিয়র উচ্চ বিদ্যালয়, সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়, বিদুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় ও সুনামগঞ্জের এসসি বালিকা উচ্চ বিদ্যালয়।
