২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নওগাঁ ও সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১৪ জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2014, 09:20 PM

Updated : 22 Aug 2022, 08:10 PM

শনিবার সকালে নওগাঁর পোরশায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন ও সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছে।

পোরশা থানার ওসি শাহীন কামাল জানান, সকাল ১০টার দিকে উপজেলার দয়াহার মোড়ে নওগাঁ-পোরশা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাস চালকের সহকারী সেরাতুল ইসলাম (২০) এবং নওগাঁ সদর উপজেলার চকপ্রাণ এলাকার তরিকুল ইসলাম (৩০)।

ওসি বলেন, নওগাঁ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো জ-৫৭২৬ ) চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাস চালকের সহকারী ও এক যাত্রী নিহত হয়। আহত হয় অন্তত ১০ জন।

আহতদের পোরশা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জের কড্ডার মোড় গাড়ির ধাক্কায় একজন এবং রায়গঞ্জের ষোলমাইল এলাকায় ট্রাকচাপায় আরেক পথাচারী নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহদের মধ্যে রায়গঞ্জ উপজেলার বাঐখোলা গ্রামের ইমান আলীর ছেলে মোনায়েম খানের (৪৫) পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ওসি এটিএম আমিনুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কড্ডা মোড়ে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনা কবলিত যান দুটির ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় অটোরিকশার চার আরোহী।

আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, সকালে ঢাকা-বগুড়া মহাসড়কে ষোলমাইল এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে পথচারী মোনায়েম ঘটনাস্থলেই মারা যায়।