২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্বশুরকে কুপিয়ে হত্যা

রাজশাহীর পুঠিয়ায় পারিবারিক বিরোধের জের ধরে শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2014, 02:24 PM

Updated : 22 Aug 2022, 08:10 PM

নিহত আবদুল জলিল (৫৮) উপজেলার রঘুরামপুর গ্রামের বাসিন্দা।।

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান হাফিজ জানান, শনিবার ভোরে রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এর পর থেকে পলাতক একই গ্রামের বাসিন্দা জামাতা আনোয়ার হোসেন।

তবে আটক করা হয়েছে আনোয়ারের বোন তাসলিমা বেগম, ভগ্নিপতি আবদুর রশিদ ও ভাগ্নে রিপনকে।

স্থানীয়দের উদ্ধৃত করে পরিদর্শক হাফিজুর বলেন, “ভোরে আবদুল জলিল খেজুর গাছ থেকে রস নামাচ্ছিলেন। এ সময় আনোয়ার ভাগ্নে রিপনকে নিয়ে তার ওপর হামলা করে এবং কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

"এতে ঘটনাস্থলেই মারা যান জলিল। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।"

নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি আরো বলেন, আনোয়ার মাসখানেক আগে স্ত্রী নীলাকে মারধর করলে তিনি একইগ্রামে বাবার বাড়ি চলে যান। আনোয়ার তাকে কয়েক বার আনতে গেলেও জলিল আবারও মারধরের ভয়ে মেয়েকে যেতে দেননি।

এতে ক্ষুব্ধ হয়েই আনোয়ার এ হামলা চালায় বলে তার স্বজনরা পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানান পরিদর্শক হাফিজ।