২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ‘ইয়াবাসহ’ পুলিশ কনস্টেবল আটক

ইয়াবা ট্যাবলেটসহ ঢাকার সাভার মডেল থানার এক কনস্টেবলকে আটক করার দাবি করছে গোয়েন্দা পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2014, 04:37 PM

Updated : 22 Aug 2022, 08:10 PM

বৃহস্পতিবার রাতে সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে আটক কনস্টেবল মো. আজমত মিয়া (৩৫) সাভার মডেল থানায় কর্মরত আছেন। তার বাড়ি গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলায়।

এ সময় তার কাছ থেকে ৭৬ হাজার টাকাও উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

তবে, সাভার মডেল থানার কর্মকর্তাদের দাবি, আজমতকে ফাঁসানোর জন্য এ ঘটনা সাজানো হয়েছে।

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি একটি সাজানো ঘটনা। আজমত মিয়া এখন গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা পুলিশের এক এসআই আজমতকে আটকের কথা স্বীকার করে বলেন, ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ছাড়াও ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয় বলে তিনি জানান।

এদিকে সাভার মডেল থানার নথি থেকে জানা যায়, আটকের সময় কনস্টেবল আজমতের ডিউটি ছিল এসআই কবির হোসেনের সঙ্গে।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজমতসহ চার কনস্টেবলকে নিয়ে বৃহস্পতিবার নারায়নগঞ্জে একটি অভিযানে যাওয়ার কথা ছিল। কিন্তু আজমতকে না পেয়ে অন্য তিন কনস্টেবলকে নিয়ে তিনি অভিযানে যান।

“অভিযান থেকে এসে জানতে পারি আজমত ইয়াবাসহ ডিবির হাতে আটক হয়েছেন।”

তিনি জানান, ডিবির এক সোর্স কনস্টেবল আজমতকে ধরিয়ে দিয়েছে।