ভারত থেকে ফিরেছেন রাষ্ট্রপতি
ছয় দিনের ভারত সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার রাতে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামে।
কলকাতার স্থানীয় সময় রাত ৯টায় নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে বিমানটি।
সেখানে রাষ্ট্রপতিকে বিদায় জানান পশ্চিমবঙ্গের পূর্তমন্ত্রী ফিরহাদ হাকিম। ঢাকায় বিমানবন্দরে পৌঁছালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও কূটনৈতিক কোরের ডিন শায়ের মোহাম্মদসহ তিন বাহিনীর প্রধানরা তাকে অভ্যর্থনা জানান।
সফরে প্রণব মুখার্জি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন আবদুল হামিদ।
সোমবার কলকাতায় আসার আগে আগ্রার তাজমহল ও জয়পুর সফর করেন তিনি।
ফেরার দিন দুপুরে বীরভূমের বোলপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী পরিদর্শন করেন তিনি।
