২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাম কমানোয় তুলায় অগ্নিসংযোগ

প্রতিমণ তুলার দাম গত বছরের চেয়ে ৬২০ টাকা কমে নির্ধারণ করায় ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তায় তুলা ছিটিয়ে ও আগুন দিয়ে প্রতিবাদ করেছেন তুলা চাষিরা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2014, 07:22 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারোবাজারে তুলাচাষিরা প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন করেন। পরে রাস্তার উপর তুলা ছিটিয়ে তাতে আগুন দেন।

চাষীরা জানায়, গত বছর তুলা উন্নয়ন বোর্ড প্রতিমণ বীজতুলার দাম ধার্য করেছিল দুই হাজার ৫২০ টাকা। এবার তা কমিয়ে এক হাজার ৯০০ টাকা মণ ধার্য করেছে।

নভেম্বর মাস থেকে তুলা উঠতে শুরু করেছে। কিন্তু কেনার লোক মিলছে না। তুলা কিনে থাকে বেসরকারি জিনিং মিলের মালিকেরা। তারা এখনও কেনা শুরু করেননি। চাষির ঘরে উৎপাদিত তুলা  মজুত রয়েছে।

১৯শ টাকা মণ দরে তুলা বিক্রি করলে লোকসান হবে বলে চাষিরা জানান।

কালীগঞ্জ উপজেলার নরদিহী গ্রামের তুলা চাষি আব্দুল গনি জানান, এবার আড়াই বিঘা জমিতে তুলা চাষ করেছেন। তুলা উন্নয়ন বোর্ডের কাছ থেকে আড়াই হাজার টাকা মণ দরে বীজ কিনেছেন। সব মিলিয়ে তার বিঘা প্রতি ১৭ / ১৮ হাজার টাকা খরচ হয়েছে।

এখন দাম কমিয়ে প্রতিমণ ১৯শ টাকা  ধার্য করা হয়েছে। এ দামে তুলা বিক্রি করলে লোকসান হবে বলে গণি জানান।

চাষি শফিউল আলম বলেন, ৫ বিঘা জমিতে তুলা চাষ করেছেন। দরপতনে তার পথে বসতে হবে। ঋণ পরিশোধ করতে পারবেন না। 

তুলা উন্নয়ন বোর্ডের ঝিনাইদহ জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মো. কুতুব উদ্দিন জানান, “আর্ন্তজাতিক বাজারে তুলার দরপতন হওয়ায় এর প্রভাব আমাদের দেশের বাজারে পড়েছে।”

চলতি মৌসুমে (২০১৪-২০১৫ )  এ জোনে ৪ হাজার ৫৬ হেক্টরে তুলা চাষ করা হয়েছে। ফলনও ভালো হয়েছে।

জিনিং মিল মালিকদের সঙ্গে বসে তুলা উন্নয়ন বোর্ড দাম নির্ধারণ করেছে বলে জানান তিনি।