রাতে তাপমাত্রা কমার আভাস
সারা দেশে দিনের বেলায় তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতে বেশি শীত অনুভূত হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে বুধবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
এতে বলা হয়, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা আকাশে হাল্কা মেঘের বিচরণ দেখা যাবে, আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক।
এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটের শ্রীমঙ্গলে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন চট্টগ্রামের সীতাকুণ্ডে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
বুধবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
সিলেটে বুধবার সর্বনিম্ন ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
রাজশাহীতে সর্বোচ্চ ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
এছাড়া রংপুরে সর্বোচ্চ ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনায় সর্বোচ্চ ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
বরিশালে বুধবার সর্বনিম্ন ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। আগের দিন সেখানে সর্বোচ্চ ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বর মাসে রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। তবে মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম ও মধ্যাঞ্চলে একটি থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যখন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।
