রাঙ্গুনিয়া ও রাউজানে অগ্নিকাণ্ড
চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও রাউজান উপজেলায় পৃথক অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজমুল হাসান জানান, ভোর সাড়ে ৪টার দিকে রাঙ্গুনিয়ার রানিরহাট বাজারে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে রাঙ্গুনিয়া ও রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এরইমধ্যে মোটর পার্টস, আসবাবপত্র ও রড-সিমেন্টের তিনটি দোকান ও অটোরিকশার একটি গ্যারেজ পুড়ে যায় বলে তিনি জানান।
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এর আগে রাত সাড়ে ১২টার দিকে রাউজানের খলিফাঘোনা এলাকায় একটি বাড়ির রান্নার চুলা থেকে আগুন ধরে এবং পড়ে তা আশেপাশের ঘরে ছড়িয়ে পড়ে।
কালুরঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জসিমউদ্দিন জানান, কালুরঘাট ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে দশটি কাঁচা বসতঘর পুড়ে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জসিমউদ্দিন জানান।
