২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস দমনে হাসিনার অবদানে কৃতজ্ঞ ত্রিপুরা

ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাস দমনে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ ত্রিপুরা রাজ্য সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2014, 01:38 AM

Updated : 22 Aug 2022, 08:06 PM

মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার চোত্তাখোলা গ্রামে ‘ভারত বাংলাদেশ মৈত্রী উৎসবে’ দেওয়া বক্তব্যে তা জানালেন রাজ্যের পর্যটনমন্ত্রী রতন ভৌমিক।

তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি যখন ক্ষমতায় ছিল, তখন কিছু মৌলবাদী শক্তি এক হয়ে এই দেশে অশান্তি ঘটাতে চেয়েছিল। কিন্তু বর্তমান সরকারের অবদানের কারণে তারা তা করতে পারেনি। তারা ক্ষমতায় আসার পর সীমান্তবর্তী মৌলবাদীদের ক্যাম্প পর্যন্ত গুঁড়িয়ে দিয়েছিল।”

রতন ভৌমিক বলেন, ফেনী নদীর ওপর ব্রীজ দিয়ে ত্রিপুরার সাথে করিডোর সৃষ্টি করে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারলে ত্রিপুরা ও বাংলাদেশ উভয়ই লাভবান হবে।

মুক্তিযুদ্ধ স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে চোত্তাখোলা গ্রামে জ্যোতি বসু মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহজাবিন খালেদ এমপি, বিলোনিয়ার বিধায়ক বাসুদেব মজুমদার, রাজনগরের বিধায়ক সুধন দাস, জেলা পরিষদ সভাধিপতি হিমাংশু রায়, রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রত্না দাস, জেলাশাসক রাজেন্দ্র কুমার নোয়াতিয়া, মুক্তিযোদ্ধা জহির উদ্দীন জালাল ওরফে বিচ্ছু জালাল, অজয় দাশগুপ্ত ও বাংলাদেশ উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক ড. নিলুফার বানু বক্তব্য রাখেন।

বাংলাদেশের বক্তারা তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধে ভারতের ত্রিপুরা রাজ্যের সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে বলেন, মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার মানুষ যেভাবে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের পাশে দাঁড়িয়েছিল, তা এককথায় অভূতপূর্ব।

দুই অঞ্চলের মধ্যে যোগাযোগ নিয়ে ত্রিপুরার প্রস্তাবের বিষয়ে মাহজাবিন খালেদ এমপি বলেন, “আমি দেশে ফিরে আপনাদের প্রস্তাবগুলো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব।

এছাড়া রেলযোগাযোগ ব্যবস্থা চালুর বিষয়ে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলার বিষয়েও ত্রিপুরার মন্ত্রী ও বিধায়কদের আশ্বস্ত করেন তিনি।

মুক্তিযুদ্ধের সময় ২ নম্বর সেক্টরের পাশের এলাকায় এসে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই সেক্টরের কমান্ডার তৎকালীন মেজর খালেদ মোশাররফের মেয়ে মাহজাবিন খালেদ।

তিনি বলেন, “আমি বিশ্বাসই করতে পারছি না, এটা সেই জায়গা যেখানে আমার বাবা মুক্তিযুদ্ধে দীর্ঘ সময় কাটিয়েছেন।

পাহাড়ি টিলা আর প্রাকৃতিক হৃদেঘেরা ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যানে স্থাপিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দুদেশের প্রতিনিধিরা।

এসময় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা এবং স্কুলের শিক্ষার্থীরা। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুমিনিট নীরবতা পালন করা হয়।

এরপর বাংলাদেশের অতিথিদের গোটা উদ্যান ঘুরিয়ে দেখান স্থানীয় বিধায়ক।  সন্ধ্যায় আলোচনা সভার শুরুর আগে আরেক দফা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।