২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সোনা ও জালনোটসহ আটক ৭

রাজধানীর বিমান বন্দরে প্রায় কোটি টাকার সোনাসহ পাঁচজনকে এবং মিরপুরে জালনোটসহ দুজনকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2014, 08:07 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

মঙ্গলবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বাইরে থেকে আটক হন পাঁচজন।

এরা হলেন- মানজুর হোসাইন (৪৮), আনোয়ার হোসেন (৬০), আবদুল্লাহ (২৪), ফারুক মিয়া (৪৪) ও ইউসুফ(২৬)।

র‌্যাব ৩ এর উপপরিচালক মেজর কামরান কবির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে বিমানবন্দরে নেমে বের হওয়ার সময় তাদের আটক করা হয়।

“তাদের কাছে ৮৯৫ গ্রাম সোনা ছিল, যার মধ্যে ছয়টি সোনার বার, নয়টি আংটি ও ৪৬টি চেইন ছিল। এগুলির আনুমাণিক দাম প্রায় কোটি টাকা।”

মেজর কামরান বলেন, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিমানবন্দর দিয়ে সোনা পাচার করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এদিকে সোমবার রাতে মিরপুর থেকে ৭০ হাজার টাকার জাল নোটসহ আরিফ হোসেন (৩০) ও আশরাফকে (২৯) আটক করা হয়।

র‌্যাব ২ এর অপারেশন অফিসার মারুফ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে জাল নোটের কারবার করে আসছে বলে তারা জানিয়েছে।

“এই কারবারে তিনটি সিন্ডিকেট কাজ করে। একপক্ষ জাল নোট বানায়, এক পক্ষ তা কিনে এবং আরেক পক্ষ জাল নোটগুলো বাজারে ছাড়ে।”

র‌্যাব কর্মকর্তা মারুফ আহমেদ বলেন, “অর্ধশিক্ষিত ও নিম্নআয়ের মানুষই মূলত তাদের টার্গেট।রাজধানীর নিউমার্কেট, ফার্মগেইট, গাবতলী, যাত্রাবাড়ি, গুলিস্তান ও মিরপুরের বিভিন্ন ফুটপাতে তা কৌশলে জাল নোট ছড়িয়ে দিয়ে সাধারণ জনগণকে প্রতারিত করে থাকে।”