নারায়ণগঞ্জে যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের দুপক্ষের গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার আরামবাগ এলাকায় এ ঘটনার পর উত্তেজনা বিরাজ করছে।
আহতদের খানপুরের ৩শ’ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আরামবাগ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি সেলিম পাঠান ওরফে টুন্ডা সেলিমের সঙ্গে ১০নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আমির হোসেনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুজনের সমর্থকরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
আহতদের মধ্যে সেলিম, আনোয়ার হোসেন ও লিয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খানপুরের ৩শ’ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালের চিকিৎসক হাম্মাদ আলী ভূঁইয়া জানান, গুলিবিদ্ধসহ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: রফিকুল ইসলাম জানান, দুপক্ষের গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি।
