১১১ ছিটমহলে বিজয় দিবস পালনের প্রস্তুতি
‘খাঁচার বন্দি জীবন থেকে মুক্তি চাই’ শ্লোগানে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহলে মঙ্গলবার বিজয় দিবস পালিত হতে যাচ্ছে।
আয়োজকরা জানান, ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরে দাশিয়ার ছড়া ছিটমহলের কালিরহাটে মূল অনুষ্ঠান হবে।
এ অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে ভারত থেকে ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারতীয় চ্যাপ্টারের সহ-সাধারণ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত, অ্যাডভোকেট আহসান হাবীব ও বিশিষ্ট সাহিত্যিক অমর মিত্র অতিথি হিসেবে এসেছেন।
বাংলাদেশের পক্ষে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী, ফেলানী হত্যা মামলার আইনজীবী অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকনসহ অন্যরা উপস্থিত থাকবেন।
ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহল রয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিটমহলবাসীদের সমস্যা সমাধানে ইতিবাচক মনোভাব প্রকাশ করায় ছিটমহলবাসীরা আশান্বিত হয়।
ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক গোলম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশের অভ্যান্তরে ভারতের ১১১টি ছিটমহলে যথাযোগ্য মর্যদায় বিজয় দিবস পালিত হবে।
এ উপলক্ষে সকালে দাশিয়ার ছড়ার কালিরহাটে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ, সমাবেশ, আলোচনা সভা ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
একই কর্মসূচি সকল ছিটমহলে পালিত হবে বলে তিনি জানান।
ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারতীয় চ্যাপ্টারের সহ-সাধারণ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত, অ্যাডভোকেট আহসান হাবীব ও বিশিষ্ট্য সাহিত্যিক অমর মিত্র আসার তথ্য তিনি নিশ্চিত করেন।
কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহলগুলোর উপর নজর রাখা হচ্ছে।
ছিটমহল বিনিময় চুক্তি বিরোধী ইউনাইটেড কাউন্সিল (সিইউসি) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও লালমনিহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ছিটমহলের বাসিন্দা ডা. গোলাম মতিন রুমি (৫০), পাটগ্রামের পানবাড়ী ছিটমহলের বাসিন্দা সেলিম মুন্না (৩৫) এবং বাঁশকাটা ছিটমহলের বাসিন্দা মকছুল হোসেনকে (৪৫) চলতি মাসের শুরুতে সীমান্ত এলাকা থেকে ফুলবাড়ী থানা পুলিশ গ্রেপ্তার করেছে বলে তিনি জানান।
ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি মইনুল হক জানান, ছিটমহলগুলো চোরাকারবারী, নারী ও শিশু পাচারকারীদের নিরাপদ অভয়াশ্রম। সে কারণে ব্যবসা বন্ধের আশঙ্কায় মাদক, চোরাকারবারী ও সমাজবিরোধী নানা চক্র ছিটমহল বিনিময় চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড কাউন্সিলে (সিইউসি) সক্রিয় হয়েছে।
ছিটমহল বিনিময় কার্যকর হলে ছিটমহলের মানুষেরা অবরুদ্ধ জীবন থেকে মুক্তি পাবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, যোগাযোগসহ আর্থ-সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।
মইনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর সরকার ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষর করে, যা ইন্দারা-মুজিব চুক্তি নামে পরিচিত।
আর ২০১১ সালে তৎকালীন ইউপিএ জোট সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় একটি প্রটোকল স্বাক্ষরিত হয়। প্রটোকলটি কার্যকরে ভারতের সংবিধান সংশোধন করার উদ্যোগ নিয়েছিল কংগ্রেস সরকার। কিন্তু পার্লামেন্টে বিল উঠলে বিজিপি ও তৃণমূল কংগ্রেসের বিরোধিতায় তা ভেস্তে যায়।
তবে এবার বিজিপি ও তৃণমূল কংগ্রেস এ চুক্তি বাস্তবায়নে আগ্রহী হওয়ায় দৃশ্যপট পাল্টে যাচ্ছে।
ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহলে ১৪ হাজার ২১৫ জন মানুষ রয়েছে। অপরদিকে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহলের লোকসংখ্যা ৩৭ হাজার ৩৬৯।
ছিটমহলের অবস্থান
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার অভ্যন্তরে বাংলাদেশের কুড়িগ্রামের ১৮টি এবং লালমনিরহাটের ৩৩টি মিলে মোট ৫১টি ছিটমহল রয়েছে।
অপরদিকে বাংলাদেশের ভূখণ্ডে ভারতের কোচবিহার জেলার ১১১টি ছিটমহল রয়েছে, যার মধ্যে রয়েছে কুড়িগ্রামে ১২টি, লালমনিরহাটে ৫৯টি, পঞ্চগড়ে ৩৬টি এবং নীলফামারী জেলায় ৪টি।
ইন্দিরা-মুজিব চুক্তিতে এসব ছিটমহল বিনিময়ের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।
