২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদিবাসী স্বীকৃতি না দেওয়াটা ভুল: মেনন

বাংলাদেশে সরকারিভাবে যাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী বলা হচ্ছে, আদিবাসী হিসেবে তাদের স্বীকৃতি না দেওয়াটাকে ভুল মনে করছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2014, 07:22 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

আদিবাসী স্বীকৃতি দিতে সরকারের অস্বীকৃতির মধ্যে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এই মত প্রকাশ করেন তিনি, যিনি সরকারেরই একজন মন্ত্রী।

“আমরা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি না দিয়ে ভুল করেছি। সেই ভুল যেন আর না করি,” বলেছেন মেনন।

বাংলাদেশের পাহাড় ও সমতলের বসবাসরত নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে দাবি জানিয়ে আসছে।

তাদের ওই দাবির পক্ষে সংসদেও বলেছেন ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন, কিন্তু তাতে ফল আসেনি।

এর মধ্যেই সোমবার ‘পার্লামেন্টারি ককাস অন ইনডিজিনাস পিপলস : অ্যা জেনেসিস অব পার্লামেন্টারি অ্যাডভোকেসি ইন বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একই সুপারিশ করেন তিনি।

অনুষ্ঠানে বইটির সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল বলেন, “আমরা বাঙালিরা আদিবাসীদের জোর-জুলুম করে বাঙালি বানানোর চেষ্টা করছি। এ জন্যই তাদেরকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয় না। আর একারণে তারা সশস্ত্র সংগ্রাম শুরু করে।”

জাতিসত্ত্বার স্বীকৃতি, স্বায়ত্তশাসনসহ নানা দাবিতে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতার কয়েক বছর পরই সশস্ত্র সংগ্রাম শুরু করেছিল।

১৯৯৭ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন তৎকালীন সরকারের সময় পার্বত্য শান্তির চুক্তি সইয়ের মাধ্যমে সশস্ত্র সংগ্রামের পথ ছাড়ে পাহাড়িরা। তবে দেড় যুগের চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ রয়েছে তাদের।  

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এই ক্ষোভ থেকে জটিল পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করে অনুষ্ঠানে মেনন বলেন, “একদিন বিক্ষোভ ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনও তৈরি হতে পারে।”

পাহাড়িদের নিয়ে বাঙালি অনেকের অমূলক ধারণা রয়েছে বলেও তার মন্তব্য।

“অনেকই পার্বত্য অঞ্চলের আদিবাসীদের সন্দেহের চোখে দেখেন। ভাবেন, আদিবাসীরা দেশের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আইনশৃঙ্খলার অবনতি হবে বলে নিরাপত্তার চশমা দিয়ে আদিবাসী সমস্যাকে দেখলে ভুল করা হয়।”

আওয়ামী লীগ সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের সভাপতিত্বে এই অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সংসদ সদস্য কাজী রোজী, সাবেক সংসদ সদস্য রওশন জাহান সাথী ও রুবি রহমানও বক্তব্য রাখেন।

পুরনো খবর:

এখন চুক্তিই সমস্যা: সন্তু লারমা
চুক্তির উদ্দেশ্য কি তবে অস্ত্র কেড়ে নেওয়া: সন্তু
অসহযোগের হুমকি সন্তু লারমার