হত্যা মামলায় আইনজীবী নেতা কারাগারে
সাতক্ষীরা জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান হত্যা মামলায় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বিএনপি নেতা অ্যাডভোকেট আবদুস সাত্তারকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার ওই মামলায় হাজিরা দিতে গেলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুরুল ইসলাম জামিনের আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
সম্প্রতি ওই মামলায় ৯০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়, যেখানে সাত্তারও রয়েছেন।
আব্দুস সাত্তার জেলা বিএনপির সহসভাপতি এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি।
গত বছরের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরা শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির বর্ধিত সভা চলাকালে দুই গ্রুপের সংঘর্ষে নিহত হন জেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান।
ওই ঘটনায় জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ শতাধিক লোকের বিরুদ্ধে মামলা হয়। অ্যাডভোকেট আবদুস সাত্তার এই মামলায় অভিযুক্ত আসামি।
