চট্টগ্রামে মাদকসেবীর কারাদণ্ড, ইয়াবাসহ গ্রেপ্তার ২
চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় এক মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া পাঁচ শ ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকালে মাদকসেবী মো. রিয়াদ মাহমুদকে (৩০) কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম ।
রিয়াদ কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব কাটাখালী গ্রামের মকবুল আহামদের ছেলে।
ইয়াবাসহ গ্রেপ্তাররা হলেন জহিরুল ইসলাম ওরফে শুভ ও মো. শরীফ। দুজনই ঢাকার চকবাজারের বাসিন্দা।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে শাহ আমানত ব্রিজ এলাকা থেকে ১৩টি ইয়াবাসহ রিয়াদকে গ্রেপ্তার করা হয়।
“জিজ্ঞাসাবাদে রিয়াদ নিজেকে ইয়াবা সেবনকারী বলে জানায়। ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়।”
সকালে শাহ আমানত ব্রিজেই বাকলিয়া থানা পুলিশের নিরাপত্তা চৌকির নিয়মিত তল্লাশিতে শুভ ও শরীফকে পাঁচ শ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
ওসি মহসিন বলেন, “শুভ ও শরীফ কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিলেন। সকালে শাহ আমানত ব্রিজে ইউনিক পরিবহনের একটি বাসে তল্লাশি করে তাদের গ্রেপ্তার করা হয়।”
তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা হচ্ছে বলে জানান তিনি।
