ঢাকায় অপহৃত ২ শিশু নরসিংদীতে উদ্ধার
ঢাকার খিলবাড়িটেক থেকে অপহরণের দুইদিন পর দুই শিশুকে নরসিংদীতে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই নারীকে আটক করা হয়।
নরসিংদী সদর মডেল থানার ওসি কে এম আবুল কাশেম জানান, রোববার রাত ১০টার দিকে শহরের তরোয়ার কাবুলশাহ মাজার থেকে অপহৃত শিশুদের উদ্ধার করা হয়।
এরা হলো খিলবাড়িটে কএলাকার রফিকুল ইসলামের ছেলে মো. তাওসিফ (০৫) ও একই এলাকার বাবুল মিয়ার ছেলে মিনহাজ মিয়া (০৫)।
ওসি আবুল কাশেম বলেন, শনিবার বিকালে শিশু দুটি তাদের বাড়ির পাশে খেলা করছিল। এ সময় নরসিংদীর তরোয়া এলাকার ভাড়াটিয়া মনির হোসেন ও কামারটেক এলাকার মামুন তাদের অপহরণ করে তরোয়া এলাকায় নিয়ে যায়।
ওইদিন তাওসিফের বাবা রফিকুল ইসলাম ও মিনহাজের বাবা বাবুল মিয়ার কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অহরণকারীরা।
পরে পরিবারের পক্ষ থেকে ভাটারা থানায় অভিযোগ করা হলে নরসিংদীর তরোয়া এলাকা থেকে শিশু দুটিকে উদ্ধার করা এবং অপহরণে জড়িত দুই নারীকে আটক করা হয়।
সোমবার দুপুরে শিশু দুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণকারী মনির ও মামুনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
