২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি শিক্ষিকার অশ্লীল ছবি ছড়ানোর হুমকি, যুবক গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2014, 04:00 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

রোববার বিকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর কোচিং সেন্টার থেকে আমজাদ হোসেন রাসেলকে (২৫) গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে তাকে মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।

আমজাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক কর্মচারীর ছেলে ও বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র। আমজাদ বিনোদপুর বাজারের একটি কম্পিউটারের দোকানে কাজ করেন বলে জানিয়েছেন রাজশাহী র‌্যাবের উপ-অধিনায়ক মেজর শফিকুল ইসলাম শফিক।

মেজর শফিকুল বলেন, রাসেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় ওই শিক্ষিকার স্বামী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের অধীনে কাজও করত। এক সময় তাদের সম্পর্কের অবনতি হলে রাসেলকে কাজ থেকে বাদ দেন।

“সম্প্রতি রাসেল একটি ই-ইমেল আইডি খুলে সেখানে ওই শিক্ষিকার অশ্লীল ছবি আপলোড করে। এরপর ওই শিক্ষিকার মোবাইলে এসএমএসে ওই ই-মেইলের আইডি ও পাসওয়ার্ড পাঠিয়ে মেইল খুলে দেখতে বলে। একইসঙ্গে ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।”

এ ঘটনায় ওই শিক্ষিকা মতিহার থানায় একটি অভিযোগ দায়ের করলে র‌্যাব বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করে বলে জানান মেজর শফিক।