যশোরে পিটুনিতে ‘ছিনতাইকারী’ নিহত
যশোরের মণিরামপুরে সোমবার ছিনতাইয়ের অভিযোগে গ্রামবাসীর মারধরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
পুলিশ বলছে, নিহত তরিকুল ইসলামের বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি ও ছিনতাইসহ এক ডজনের বেশি মামলা রয়েছে। মণিরামপুর উপজেলাতেই তার বাড়ি।
মণিরামপুর থানার ওসি মোল্লা খবির উদ্দিন জানান, ভোরে উপজেলার মনোহরপুর-কালিবাড়ি সড়কে পথচারীদের কাছ থেকে ছিনতাই করার সময় গ্রামবাসী ধাওয়া করে তরিকুলকে আটক করে।
"এ সময় গ্রামবাসীর মারধরের এক পর্যায়ে মারা যান তিনি।"
ওসি খবির জানান, তরিকুলের বিরুদ্ধে মণিরামপুর থানায় হত্যা, ডাকাতি ও ছিনতাইসহ ১৪টি মামলার রয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
