যশোরে ট্রাক চাপায় শিশু নিহত
যশোরের ঝিকরগাছায় যশোর-বেনাপোল সড়কে ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ওই শিশুর বাবাও।
ঝিকরগাছা থানার ওসি মামুনুর রশিদ জানান, সোমবার সকাল ৭টার দিকে পারবাজার এলাকায় এ দুর্ঘটনা হয়।
নিহত নূর হামিদ (৭) উপজেলার পারবাজার এলাকার একটি মাদ্রাসায় পড়ত। তার বাবা সিরাজুল ইসলামকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, সিরাজুল তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা ছিটকে রাস্তায় পড়ে যান। ট্রাকটি হামিদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়ে যায় বলে জানান ওসি।
