২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যাংকারডুবি: টোটালের মাস্টারসহ ৪ জন গ্রেপ্তার

সুন্দরবনের শেলা নদীতে যে কার্গো জাহাজের ধাক্কায় তেলবাহী ট্যাংকার ‘ওটি সাউদার্ন স্টার-৭’ ডুবে গিয়েছিল সেই এমভি টোটালের মাস্টারসহ চারজনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2014, 02:25 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন জানান, রোববার গভীর রাতে বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে কার্গো জাহাজ এমটি টোটালকে আটক করা হয়। নারায়ণগঞ্জ থানা পুলিশের সহায়তায় ওই নৌযান থেকেই চারজনকে আটক করে বাগেরহাট থানা পুলিশ।  

এরা হলেন- টোটালের মাস্টার মোস্তফা (৫৩), সহকারী মাস্টার ফারুক হোসেন (৩৪) এবং দুই শুকানি আক্কাস হোসেন (২৮) ও পিয়ার আলী (২৮)।

পুলিশ সুপার মহিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমটি টোটালকে নৌবাহিনী পরিচালিত সোনাকান্দা ডকইয়ার্ডে রাখা হয়েছে। আটক চারজনকে বন্দর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।”

সাড়ে ৩ লাখ লিটার ফার্নেস অয়েল নিয়ে গোপালগঞ্জে যাওয়ার পথে সাউদার্ন স্টার নামের  ট্যাংকারটি গত ৯ ডিসেম্বর শেলা নদীতে এমটি টোটালের ধাক্কায় ডুবে যায়। ট্যাংকারের তেল বিস্তীর্ণ এলাকায় নদী ও খালে ছড়িয়ে পড়ায় হুমকিতে পড়ে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য।

দুর্ঘটনার সময় ট্যাঙ্কারের সাত নাবিক সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ থাকেন ট্যাংকার মাস্টার মোখলেসুর রহমান। ঘটনার পাঁচ দিন পর রোববার নদীতে তার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় বন বিভাগের চাঁদপাই স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ বাদী হয়ে মংলা থানায় ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে একটি মামলা করেন। গত ১০ ডিসেম্বরে দায়ের করা ওই মামলায় আসামি করা হয় এমভি টোটাল ও সাউদার্ন স্টার-৭ এর মালিকদের।

গত ১০ ডিসেম্বর নৌ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমটি টোটালের সার্ভে ও রেজিস্ট্রেশন সনদ স্থগিত করার কথা জানোনো হয়।

পুরনো খবর:

ট্যাংকার ডুবে সুন্দরবনের জলে ভাসছে তেল
ট্যাংকারডুবি: ৫ দিন পর ভাসল মাস্টারের লাশ