২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যাংকারডুবি: ৫ দিন পর ভাসল মাস্টারের লাশ

সুন্দরবনের শেলা নদীতে তেলবাহী ট্যাংকার ‘ওটি সাউদার্ন স্টার-৭’ ডুবে বিস্তীর্ণ এলাকায় ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ার ৫ দিন পর নৌযানটির নিখোঁজ মাস্টার মোখলেসুর রহমানের (৫০) লাশ পাওয়া গেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বাগেরহাট প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 09:40 AM

Updated : 25 Apr 2022, 05:06 PM

সাউদার্ন স্টারের মালিক প্রতিষ্ঠান হারুণ অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপক মো. গিয়াস উদ্দিন জানান, রোববার সকাল ৬টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের জয়মনির বাদামতলা এলাকায় শেলা নদীতে দুর্ঘটনাস্থলের কাছেই একটি লাশ ভেসে ওঠে।

“স্থানীয় জেলেরা লাশ দেখে বনবিভাগকে খবর দেয়। পরে স্থানীয় গ্রামবাসী, জেলে ও বনবিভাগের কর্মীরা সেখানে গিয়ে লাশ উদ্ধার করে।”

মোখলেসুর রহমান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের উজ্জত আলীর ছেলে।

তার মরদেহ চাঁদপাই রেঞ্জ স্টেশন কার্যালয়ের সামনে রাখা হয়েছে  বলে স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান।

ওটি সাউদার্ন স্টার-৭ নামের ট্যাংকারটি গোপালগঞ্জের একটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য খুলনার পদ্মা অয়েল ডিপো থেকে ৩ লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার ফার্নেস অয়েল নিয়ে যাচ্ছিল। মঙ্গলবার ভোর ৫টার দিকে ‘টোটাল’ নামে একটি কার্গো জাহাজের ধাক্কায় সাউদার্ন স্টারের একপাশের খোল ফেটে যায় এবং সেটি ডুবতে শুরু করে।

মেসার্স হারুণ অ্যান্ড কোং এর ব্যবস্থাপক মো. গিয়াস উদ্দিন জানান, ওই জাহাজের সাত ক্রু সাঁতরে তীরে উঠতে পারলেও মাস্টার মোখলেসুর রহমানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

এদিকে সাউদার্ন স্টার-৭ এর খোল ফেটে যাওয়ায় সুন্দরবনের প্রায় ৮০ কিলোমিটার এলাকায় নাদী ও খালগুলোতে তেল ছড়িয়ে পড়ে। হুমকির মুখে পড়ে বিশ্বের সবচেয়ে বড় এ ম্যানগ্রোভ বনাঞ্চলের জীববৈচিত্র্য।

দুর্ঘটনার দুদিন পর গত বৃহস্পতিবার উদ্ধারকারী নৌযানের মাধ্যমে সাউদার্ন স্টারকে টেনে এক কিলোমিটার দূরে জয়মনির একটি চরে নিয়ে যাওয়া হয়।

পুরনো খবর:

ট্যাংকার ডুবে সুন্দরবনের জলে ভাসছে তেল
দুই দিন তেল ছড়ানোর পর উদ্ধার হলো ট্যাংকার