সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেপ্তার
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ, যারা নাশকতার মামলার আসামি।
বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, রোববার রাত ১০টা থেকে ৩টা পর্যন্ত ধুকুরিয়া বেড়া ইউনিয়নের কান্দাপাড়া, সর্বতুলশী ও ধুলদ্বিয়ার গ্রামে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-ফরিদুল ইসলাম (৩২), আয়নাল শেখ (৫০), কুরাইশ (৬০), জুলমাত শেখ (৬০), শাহ আলম (৩২), আবু সামা (৩০), আতাহার আলী (২৫), ময়নুদ্দিন মেম্বর (৫৫), ফরহাদ হোসেন (২০) এবং আব্দুল কুদ্দুস শেখ (৪৫)।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুভাস চন্দ্র সাহা এবং মোকতার হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা গত ৫ জানুয়ারি নির্বাচনের আগে নাশকতা ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় পোড়ানো মামলার আসামি।এদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
