বুদ্ধিজীবী দিবস পালন করল প্রমা
গান, আবৃত্তি, আলোর মিছিল ও মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করল আবৃত্তি সংগঠন প্রমা।
রোববার নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার ও থিয়েটার ইন্সিটিটিউটে ‘মৃত্যুঞ্জয়ী রাতের শপথ’ শিরোনামে এক অনুষ্ঠানেরর মাধ্যমে এই শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
থিয়েটার ইন্সিটিটিউটে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শহীদজায়া মুশতারী শফি ও মুক্তিযোদ্ধা সাংবাদিক রইসুল হক বাহার।
শহীদজায়া মুশতারী শফি তার বক্তব্যে বলেন, “একাত্তরের পরাজিত শত্রুরা এখনো সক্রিয়। মৌলবাদী শক্তি বাংলাদেশকে সাম্প্রদায়িক ব্যর্থ রাষ্ট্র পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত।”
মৌলবাদী অপশক্তিকে রূখে দিতে তিনি তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।
প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে প্রমা আবৃত্তি সংগঠন, বিভাস আবৃত্তি চর্চাকেন্দ্র ও নরেণ আবৃত্তি একাডেমি।
রইসুল হক বাহার বলেন, “স্বাধীনতার ৪২ বছর পেরিয়ে গেলেও আমরা এখনো কাঙ্খিত বাংলাদেশ পায়নি।”
মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে তিনি ভেদাভেদ ভুল সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান।
আলোচনা সভা শেষে ‘মৃত্যুঞ্জয়ী রাতের শপথ’ স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে একটি আলোর মিছিল নগরী বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয়।
শহীদ মিনারে একশটি মোমবাতি প্রজ্বলন করেন সংস্কৃতিকর্মীরা। ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ গানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
