চট্টগ্রাম ওয়াসায় ‘ভাউচার’ জালিয়াতি
চট্টগ্রাম ওয়াসায় চলতি বছরের শেষ আট মাসে প্রায় এক হাজার ভাউচার পানির ব্যাংক স্লিপ জালিয়াতির ঘটনা ঘটেছে।
প্রায় দশ লাখ টাকার জালিয়াতির ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে মোট ১১ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
ঘটনা তদন্তে গঠিত ওয়াসার গঠিত কমিটি জালিয়াতির প্রাথমিক প্রমাণ পেলেও অর্থ আত্মসাতের বিষয়ে কোনো হিসেব নেই ওয়াসার হাতে নেই।
এজন্য শিগগিরই আরেকটি কমিটি গঠন করে পূর্ণাঙ্গ তদন্তের উদ্যোগ নিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ।
তবে ১১ কর্মকর্তা-কর্মচারীর বহিষ্কারের পর বিক্ষুব্ধ ওয়াসার কর্মচারী-শ্রমিকরা বলছে, ‘নির্দোষ’ ব্যক্তিরা সাজা পেয়েছেন। জালিয়াতির ঘটনায় অন্য একটি চক্র জড়িত।
চট্টগ্রাম মহানগরীর ৫০ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে চিটাগাং ওয়াটার স্লাপাই অ্যান্ড সুয়ারেজ অথরিটি (ওয়াসা) সরবরাহ করে মাত্র ২১ কোটি লিটারের মত।
এ কারণে ভাউচারের পানি কিনে নেন সাধারণ গ্রাহকরা। চাহিদা বেশি হওয়ায় একে ঘিরে সক্রিয় রয়েছে জালিয়াত চক্র, যাতে ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরাও যুক্ত হয়ে পড়েছেন বলে অভিযোগ আছে।
ওয়াসার কর্মকর্তারা জানান, কোনা গ্রাহক ভাউচারের (পানিবাহী গাড়ি) পানি কিনতে চাইলে তাকে একটি চাহিদা (রিকুইজিশন) ফরম পূরণ করতে হয়।
এরপর ওয়াসার জনতা ব্যাংক শাখায় টাকা জমা দিয়ে একটি বিতরণ স্লিপ নিতে হয়। এর একটি অনুলিপি থাকে গ্রাহকের কাছে আর অন্যটি ভাউচারের চালকের কাছে।
ব্যাংকও টাকা জমা পাওয়ার একটি রিসিভ কপি রাখে, যেটি মাস শেষে বিবরণ আকারে ওয়াসাকে জমা দেওয়া হয়।
পানিবাহী একটি বড় ভাউচারের জন্য গ্রাহককে এক হাজার এবং ছোট ভাউচারের জন্য ৮০০ টাকা জমা দিতে হয়।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফজলুল্লাহ বলেন, চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ওয়াসার এধরনের প্রায় এক হাজার স্লিপ জালিয়াতির মাধ্যমে ১০ লাখেরও বেশি টাকা আত্মসাৎ করা হয়েছে।
“সম্প্রতি প্রধান রাজস্ব কর্মকর্তার নেতৃত্বে একটি কমিটি চারদিনের প্রাথমিক তদন্ত করে। এতে ১১ জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাই তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।”
ওয়াসার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলামের দাবি, একটি চক্র আছে, যারা গ্রাহকদের সহযোগিতার নাম করে টাকা হাতিয়ে নেয়। তবে যারা সাজা পেয়েছেন তাদের অধিকাংশই নির্দোষ।
“গ্রাহকদের হয়ে নিজেরা টাকা জমা করবে জানিয়ে ভুয়া সিল-স্বাক্ষর করা ব্যাংক স্লিপ গ্রাহককে দেয় প্রতারক চক্রটি। কিন্তু ব্যাংকে গ্রাহকের টাকা জমা হয় না।”
ওয়াসার কর্মকর্তারা জানান, শুক্র ও শনিবার ভাউচারের টাকা জমা দিতে গ্রাহক এলেও এদিন ব্যাংক থাকে বন্ধ। এসময় ওয়াসার ওই প্রতারক চক্র টাকা জমা করে দেবে বলে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে লোপাট করে দেয়।
ওয়াসা শাখা জনতা ব্যাংকের ব্যবস্থাপক মোস্তফা আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত দল দেখেছেন ওইসব ভুয়া ব্যাংক স্লিপের টাকা ব্যাংকে জমাই করা হয়নি।
“জাল সিলমোহর ও স্লিপ বানিয়ে প্রতারকরা ওই টাকা আত্মসাৎ করেছে। ব্যাংকে যেসব টাকা জমা হয়েছে তার রিসিভ কপি আমাদের কাছে আছে।”
চট্টগ্রাম ওয়াসার এমডি ফজল্লুলাহ বলেন, “সাময়িক বরখাস্তদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে। আত্মসাতের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করতে আমাদের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন সদস্যদের একটি কমিটি করা হবে। কমিটি প্রতিবেদন দিতে এক মাস সময় লাগবে।
“এই আত্মসাৎ কতোদিন ধরে চলছে তা দেখতে হবে। হতে পারে এটা দুবছর ধরে চলছে। সব হিসাব যাচাই করা হবে। দুর্নীতির প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।”
জালিয়াতির অভিযোগে বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত হওয়ারা হলেন- সহকারী প্রকৌশলী আশিক মাহমুদ চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম, ওভারসিয়ার আবদুর রহিম, চার চালক আলতাব আলী, আবদুর রব, শাহ জামাল ও আমানত খাঁন এবং চার হেলপার আনোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন, মো. ইউছুফ ও মো. শাহাদাৎ।
বরখাস্তের প্রতিবাদে রোববার এমডিকে অবরুদ্ধ করে কয়েক ঘণ্টা বিক্ষোভ কর্মসূচিও পালন করে শ্রমিক-কর্মচারীরা।
