২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের আচরণ পাক হানাদার বাহিনীর মত: নোমান

বর্তমান সরকার একাত্তরের পাক হানাদার বাহিনীর মত রাজনীতিবিদ-বুদ্ধিজীবী-পেশাজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 10:11 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

রোববার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর থিয়েটার ইন্সটিটিউটে মহানগর যুবদল ‍আয়োজিত এক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।

নোমানের একান্ত সচিব নুরুল আজিম হিরু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিষয়ে জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে নোমান বলেন, ক্ষমতাসীন অবৈধ সরকার একাত্তরের পাক-হানাদার বাহিনীর মত র‌্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যবহার করে ভিন্ন মতের রাজনীতিবিদ, পেশাজীবী, বুদ্ধিজীবী ও সাংবাদিকদের নির্বিচারে গুম ও হত্যা করে জাতিকে মেধাশূন্য করতে চায়।

“একাত্তর সালে সম্মুখ যুদ্ধে পরাজিত পাক-বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেও মুক্তিযুদ্ধের বিজয় প্রলম্বিত করতে পারেনি। শেখ হাসিনাও গুম-হত্যা-নির্যাতন ‍করে ক্ষমতা প্রলম্বিত করতে পারবে না।

“বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল ইসলাম ও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাসহ নিজেদের অপকর্ম ‍আড়াল করতে ক্ষমতা চিরস্থায়ী করতে চায় আওয়ামী লীগ।”  

‘৫ জানুয়ারী গণতন্ত্রের কবর হয়েছে’ মন্তব্য করে শহীদ বুদ্ধিজীবী দিবসে নতুন করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে দুর্বার আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান বিএনপির যুগ্ম-মহাসচিব নোমান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রামের মেয়র এম মনজুর আলম, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোহাম্মদ ইনাম উল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. সিদ্দিক আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল চৌধুরী।