২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদা নিয়ে সংঘর্ষ, গুলিতে কৃষক নিহত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বালুরবাহী বোট থেকে চাঁদা তোলা নিয়ে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে এক কৃষক নিহত হয়েছেন, আহত হন ছয় জন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 10:00 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

রোববার সন্ধ্যায় দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের গোমতী নদীর তীরে এ সংঘর্ষ হয়।

নিহত মো. ইসহাক মিয়া (৬০) কৃষ্ণপুর গ্রামের প্রয়াত লাল মিয়ার ছেলে।

গুলিবিদ্ধ রতন মিয়া (৩৪) ও আবুল কালামসহ (৩৫) ছয় জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ রতন মিয়া ও এলাকাবাসী জানান, স্থানীয় আল-আমিনের গ্রুপ দীর্ঘদিন যাবত গোমতী নদীতে বালুবাহী বোট থেকে চাঁদাবাজি করে আসছে।

সম্প্রতি ওই গ্রুপ কৃষ্ণপুর গ্রামে রতন মিয়ার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদার টাকার জন্য গেলে জাহাজের লোকজন তাদের ধাওয়া করে। এ সময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে।

রতন মিয়া বলেন, এসময় পাশের খিরা ক্ষেতে কাজ করা ইসহাক মিয়া ও তার ছেলে আবুল কালাম গুলিবিদ্ধ হয়। স্থানীয় গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক ইসহাক মিয়াকে মৃত ঘোষণা করেন।

দাউদকান্দির মডেল থানার ওসি আবু ছালাম মিয়া জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।