বুদ্ধিজীবী দিবসে ২২ ব্যক্তির মরণোত্তর দেহদান
মানবতার সেবায় ও চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় মরণোত্তর চক্ষু, অঙ্গ ও দেহদান করেছেন ২২ বিশিষ্ট ব্যক্তি।
রোববার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এই ঘোষণা আসে। মরণোত্তর দেহদান কর্মসূচি ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিশিষ্ট এই ব্যক্তিরা হলেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, স্থপতি মোবাশ্বের হোসেন, স্থপতি শামসুল ওয়ারেস, কবি ও স্থপতি রবিঊল হুসাইন, কবি রবীন্দ্র গোপ, ভাষা সংগ্রামী ধীরেন্দ্রনাথ দত্তের পুত্রবধূ প্রতীতি দেবী।
এই তালিকায় আরো রয়েছেন- উন্নয়নকর্মী এরোমা দত্ত, গবেষক-লেখক রেজা রহমান, চৈতী আহমেদ, এলবার্ট খান, বৈশাখী রায়, পীযুষ বন্দ্যোপাধ্যায়, গীতাংক দেবদীপ দত্ত, শ্রাবন্তী দত্ত, তুহিন কান্তি, রেজাউল হাসান সুজন, ন্যান্সি শম্পা ব্যানার্জী, উর্মি লোহানী, মুসাররাত ফারহানা, পাভেল ইমতিয়াজ, সাগর লোহানী এবং রওশন আর রুখশানা সরকার।
অনুষ্ঠানে কামাল লোহানী বলেন, এই দেহদানে ধর্মের কোথাও বারণ নেই। মানুষ হিসাবে মৃত্যুর পর যদি অন্য আরেকটা মানুষের প্রয়োজনে কাজে লাগতে পারি, তাতে কোনো খারাপ হবে না। এটা মনুষ্যত্বের কাজ। উত্তরাধিকারীরা অন্ততপক্ষে গর্ব অনুভব করতে পারবেন।
“একাত্তরের মুক্তিযুদ্ধে মৃত্যু হতে পারতো। যেভাবে মানুষ দুর্ঘটনায় মারা যাচ্ছে, যে কোনো সময় আমরা মারা যেতে পারি। সেখানে এভাবে নিজেকে উৎসর্গ করলে সমস্যা কোথায়।
“আমি একজন সম্পর্কে জানি, যিনি একটি দুর্ঘটনার শিকার হয়ে নয়মাস যাবত আইসিইউতে রয়েছেন। তিনি হয়তো আজ-কাল মারা যাবেন। আজ-কাল না যান, একদিন মারা যাবেন। কিন্তু তার দেহটি অন্য কারো কাজে লাগলো না।”
এক্ষেত্রে আহমদ শরীফ, নরেন বিশ্বাস ও ভাষাসৈনিক আব্দুল মতিনের কথা স্মরণ করেন তিনি।
স্থপতি মোবাশ্বর হোসেন বলেন, “মুক্তিযুদ্ধে জীবন দিতে পারিনি। তাই আমার শরীরকে দেশের জন্য দিয়ে যাচ্ছি। বিশ্বের যেখানেই আমি থাকি না কেন। আমি চাই, আমার দেহ সুষ্ঠুভাবে ব্যবহৃত হোক।”
বিভিন্ন রোগীর চেতনা হারানোর পর জরুরি চিকিৎসা পেতে যে ভিন্ন ভিন্ন ধরনের ব্যান্ড পরেন, মরণোত্তার দেহদানকারীদের জন্য সে রকম একটি ব্যান্ড বিশ্বজুড়ে প্রবর্তনের প্রস্তাব দেন মোবাশ্বের।
তিনি বলেন, ইসলামে বলা হয়েছে, মানুষ সৃষ্টির সেরা জীব। কারণ মানুষ মানুষের জন্য এগিয়ে আসে। সেটা নিজের জীবন দিয়ে হলেও।
সভাপতির বক্তব্যে ডা. আলী আসগর মোড়ল বলেন, “আমরা যখন মেডিকেলে ভর্তি হলাম, তখন দেখলাম কোনো কোনো ক্ষেত্রে সাধারণ ডাক্তারদেরকে কসাইয়ের সঙ্গে তুলনা হচ্ছে। এমন সময় আমরা এই সংগঠন প্রতিষ্ঠা করি।
“সেবার মনোভাব সৃষ্টি করতে এই প্রতিষ্ঠান করি। আমরা চোখের সামনে দেখছি, একজন মুমুর্ষূ রোগী রক্তের অভাবে মারা যাচ্ছে। ব্লাড ব্যাংকে জীর্ণ-শীর্ণ ও মাদকাসক্তরা রক্ত বেচতে লাইন ধরতো।
“আজকে ৩০ বছর পর ব্লাড ব্যাংকের সামনে মাদকাসক্তরা রক্তদান করতে আসে না। আমার নিকটাত্মীয়ের রক্ত আমি নিজেই দিতে পারি।”
১১ লাখ কর্ণিয়াজনিত অন্ধত্ব রয়েছে জানিয়ে তিনি বলেন, “চক্ষুদানের কর্মসূচি সেভাবে বিস্তৃত করতে পারি নাই। দেহদানের ব্যাপারেও আমরা মানুষকে উদ্বৃদ্ধ করতে পারি।”
সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি ডা. আলী আসগর মোড়লের সভাপতিত্বে সন্ধানী ভবনে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খন্দকার মানজারে শামীম ও অধ্যাপক ডা. লায়লা আঞ্জুমান বানু।
