২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগলুল আহমেদের মৃত্যু: তদন্ত প্রতিবেদনে আরও ৭ দিন

সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় সাত দিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 05:46 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এছাড়া ওই দুর্ঘটনার জন্য দায়ী বাস ও এর চালককে শনাক্ত করতে পারলে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

গত ২৯ নভেম্বর রাতে ঢাকার কারওয়ানবাজার এলাকায় বাসের ধাক্কায় প্রবীণ সাংবাদিক ও কলামনিস্ট জগলুল আহমেদ চৌধুরী মারা যান। পরদিন ওই ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

প্রথমে তিন কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছিল। এরপর প্রথম দফায় বাড়ানো হয় সাত দিন। এবার দ্বিতীয় দফায় আরও সাত দিন বাড়ানো হলো।    

রোববার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা-গোমতী সেতু পরিদর্শনকালে ওবায়দুল কাদের বলেন, আগামী জানুয়ারির শেষ সপ্তাহে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে জাইকার অর্থায়নে দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় মেঘনা-গোমতী সেতুর নির্মাণ কাজের দরপত্র আহবান করা হবে।

এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের সময় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে গেছে বলে বিএনপি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদ করেন।

বিগত বিএনপি সরকারের আমলের চেয়ে আওয়ামী লীগের সরকারের সময় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা কমেছে বলে দাবি করেন কাদের।

এ সরকারের আমলে দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বিএনপি সরকারের আমলের চেয়ে বেশি হলে তিনি যেকোনো শাস্তি মাথা পেতে নেবেন বলে জানান।

এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।