২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জুয়েলারিতে ডাকাতের হানা, বোমায় নিহত ১

চট্টগ্রাম নগরীতে দুটি সোনার দোকানে গুলি ছুড়ে ও বোমা ফাটিয়ে ডাকাতির চেষ্টা হয়েছে। ডাকাতদের ছোড়া বোমায় একজন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2014, 10:35 PM

Updated : 13 Oct 2022, 12:55 PM

নগরীর কোতোয়ালি থানার জিপিওর সামনে শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনায় একটি সোনার দোকানের মালিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জিপিও ভবনের বিপরীতে ডিএম মার্কেটের নিচতলায় হাজী দানু মিয়া সওদাগরের অপরূপা জুয়েলার্স ও গিনি গোল্ড জুয়েলার্সে এ ঘটনা ঘটে বলে নগর পুলিশের এডিসি (দক্ষিণ) মিজানুর রহমান জানিয়েছেন।

দোকান দুটি থেকে মালামাল লুট হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেননি পুলিশ কর্মকর্তারা।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ১২টার দিকে মো. সৈয়দ (৩১) নামে একজনের মৃত্যু হয় বলে কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন সেলিম জানিয়েছেন।

সৈয়দের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে ঘটনার সময় তিনি ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন বলে ওসি মহিউদ্দিন জানিয়েছেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ইমতিয়াজ উদ্দিন বাবুল নামের একজনের পরিচয় জানা গেছে। অন্য দুজন পুলিশ হেফাজতে চট্টগ্রাম মেডিকেল চিকিৎসাধীন বলে পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন জানান।

মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) মোহাম্মদ মাঈনুদ্দিন জানান, রাত সাড়ে ৯টার দিকে পাহাড়তলিতে পুলিশের তল্লাশি চৌকিতে অস্ত্রসহ ইমতিয়াজ উদ্দিন বাবুলকে গ্রেপ্তার করা হয়। তার কাছে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি পাওয়া গেছে।

চট্টগ্রামের পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল রাতে পাহাড়তলি থানায় বাবুলকে জিজ্ঞাসাবাদ করেন।

তার কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ কমিশনার বলেন, “এই ডাকাত দলে ১০ জনের মতো ছিলেন। স্থানীয়রা বাধা দিলে তারা গুলি ছুড়ে ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।”

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজনকে ধরা হয় বলে কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন জানান।

পরে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন ১২জনের মধ্যে একজনকে ডাকাত দলের সদস্য হিসেবে চিহ্নিত করা হয় বলে জানান তিনি।

এদিকে ডাকাতদের ব্যবহৃত একটি মাইক্রোবাস নগরীর পূর্ব মাদারবাড়ির নেওয়াজ হোটেলের মোড় থেকে রাত পৌনে ১০টার দিকে উদ্ধার করা হয় বলে ওসি মহিউদ্দিন জানান। ওই গাড়িতে ব্যাগ, মুখোশ ও পোশাক পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।

ডাকাতদের ছোড়া বোমা ও গুলির আঘাতে দুটি দোকানেরই কাঁচের দরজা ও অলঙ্কার রাখার শোকেস ভেঙে গেছে। বোমায় অপরূপা জুয়েলার্সের মালিকের একটি গাড়ির কাঁচও ভেঙেছে।

অপরূপা জুয়েলার্সের ভেতর এবং গিনি গোল্ড জুয়েলার্সের সামনে রক্তের দাগ দেখা গেছে। রাত সোয়া ৯টার সময়ও গিনি গোল্ড জুয়েলার্সের সামনে লাল টেপে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে।

চট্টগ্রামের খ্যাতনামা ব্যবসায়ী হাজী দানু মিয়া সওদাগরের ছেলে রফিকুল আলম অপরূপা জুয়েলার্সের মালিক। অন্য দোকান গিনি গোল্ডের মালিক বপন কান্তি ধর।

ঘটনার প্রত্যক্ষদর্শী গিনি গোল্ডের কর্মচারী মিঠু রঞ্জন ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দোকানে মালিক-ম্যানেজার ও কর্মচারী মিলিয়ে আমরা ছয় জন ছিলাম।

“রাত সোয়া ৮টার দিকে তিন জন লোক দোকানে প্রবেশ করে। এদের মধ্যে ৪৫ বছর বয়সী একজনের হাতে পিস্তল ছিল। ২০ বছর বয়সী একজনের হাতে ছিল ব্যাগ।”

ওই তিনজন দোকানে ঢোকার পরই বাইরে একটি বিস্ফোরণের শব্দ হয় বলে জানান মিঠু।

তিনি বলেন, “ডাকাতরা মালিক বপন কান্তি ধর ও ম্যানেজার বিপুল নন্দীকে সব কিছু দিতে বলে। এসময় আমরা মাটিতে শুয়ে পড়ি। অলংকার দিতে দেরি হওয়ায় পিস্তল দিয়ে আঘাত করে আয়নার কাঁচ ভেঙে ফেলে।

“এর কিছুক্ষণ পর তারা দোকান থেকে বেরিয়ে যায়। বাইরে এসে দেখি দুজন লোক রাস্তায় পড়ে আছে। এসময় ডাকাতরা একটি সাদা মাইক্রোবাসে চড়ে নিউ মার্কেটের দিকে চলে যায়।”

এদিকে গিনি গোল্ডে এ ঘটনা ঘটার সময় আরও কয়েকজন ডাকাত পাশের অপরূপা জুয়েলার্সে যায়। সেখানেও বোমা বিস্ফোরণের আলামত দেখা গেছে।

ওই দোকানের সামনে থাকা একটি প্রাইভেট কারের পেছনের কাঁচ ভেঙে গেছে।

এসময় ডিএম মার্কেট ও আশপাশের লোকজন এগিয়ে এলে দুই দোকান থেকেই ডাকাতরা বেরিয়ে পালিয়ে যায়।

ওই ঘটনায় হাতবোমার স্প্লিন্টারের আঘাতে আহত ১৩জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানিয়েছেন।

ঘটনার পর চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদারের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে।

ডাকাতদের ধরতে রাত সাড়ে ৯টার দিকে বনজের নেতৃত্বে পুলিশ অভিযানে বের হয়। নগরীর বিভিন্ন স্থানে বসানো হয় তল্লাশি চৌকি।