২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরোয়ানার দ্রুত তামিল চান চট্টগ্রামের বিচারকরা

বিচারাধীন মামলা দ্রুত ও সুষ্ঠুভাবে নিষ্পন্ন করতে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা দ্রুত তামিল করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের বিচারিক ‍হাকিমরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2014, 09:50 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

শনিবার বিকালে চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিমের কার্যালয়ে অনুষ্ঠিত ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে’ এ দাবি ‍জানানো হয়।

জ্যেষ্ঠ বিচারিক হাকিম কুদরত-এ-ইলাহী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে মুখ্য বিচারিক ‍হাকিম মো. মশিয়ার রহমান বলেন, চট্টগ্রামের বিচারিক হাকিম আদালতের অধীনে মোট ১৩ হাজার ৩৬৭টি পরোয়ানা জারি করা আছে।

“এসব গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা দ্রুত তামিল করা প্রয়োজন। পরোয়ানা দ্রুত তামিল হলে মামলা নিষ্পত্তিও দ্রুত সম্ভব হবে।”

সভায় জানানো হয়, বিচারিক ‍হাকিম আদালতে করা মামলার (সিআর মামলা) গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা জারি আছে পাঁচ হাজার ৫৫৪টি। আর থানায় করা মামলার (সিআর মামলা) ক্ষেত্রে পরোয়ানার সংখ্যা সাত হাজার ৮১৩টি।

এসময় পুলিশ কর্মকর্তারা মাঠ পর্যায়ে তদন্ত কার্যক্রম পরিচালনার বিষয়ে কিছু সমস্যার কথা তুলে ধরেন। এসব সমস্যা থেকে উত্তরণে আইনগত ব্যাখ্যা দেন মুখ্য বিচারিক ‍হাকিম।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার বলেন, “পরবর্তী মাসের কনফারেন্সে পরোয়ানা তামিলের বিষয়ে অগ্রগতি জানানো হবে।”

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পিপি আবুল হাশেম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম রেলওয়ে অঞ্চলের পুলিশ সুপার নজরুল ইসলাম, বিভিন্ন থানার ওসি, র‌্যাব-৭, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিভিল সার্জন কার্যালয় ও বন বিভাগের প্রতিনিধিরা।