চট্টগ্রামে দৈনিক পূর্বদেশের বর্ষপূর্তি
শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই বছর পূর্তি উদযাপন করল চট্টগ্রামের দৈনিক পূর্বদেশ।
শুক্রবার সকাল থেকে দুই বছর পূর্তি উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছা জানাতে পূর্বদেশ কার্যালয়ে হাজির হন চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শুভানুধ্যায়ীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
বেলা সাড়ে ৩টার দিকে চেরাগী পাহাড় থেকে পূর্বদেশ পত্রিকার সম্পাদক ওসমান গণি মনসুরের নেতৃত্বে একটি মোভাযাত্রা ডিসি হিলে গিয়ে শেষ হয়।
ডিসি হিলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল জলিল মন্ডল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দ্রুত পাঠকপ্রিয়তা অর্জন করায় পত্রিকার সকল কলাকুশলিদের অভিনন্দন জানান।
আলোচনা সভা শেষে গান পরিবেশন করেন সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকী ও কলকাতার গানের দল ‘উজানিয়া’।
বিকালে শুরু হওয়া সাংস্কৃতিক আয়োজনে নন্দিত নৃত্যশিল্পী প্রমা অবন্তী একক নৃত্য প্রদর্শন করেন। পাশাপাশি বোধন আবৃত্তি পরিষদের সভাপতি রণজিৎ রক্ষিত আবৃত্তিও করেন।
সকালে পুর্বদেশ কার্যালয়ে কেক কাটায় সামিল হন মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, সিটি মেয়র মনজুর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা জাফরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন জেলা পরিষদ প্রশাসক এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন বিএনপি’র ভাইস-প্রেসিডেন্ট আবদুল্লাহ-আল-নোমান ও চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
