২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যানারির বর্জ্য দিয়ে তৈরি হচ্ছিল হাঁস-মুরগির খাবার

রাজধানীর হাজারীবাগে একটি কারখানায় অভিযান চালিয়ে ট্যানারির বর্জ্য দিয়ে হাঁস-মুরগির খাবার তৈরির অপরাধে দুইজনকে সাজা ও জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 09:43 PM

Updated : 25 Apr 2022, 05:06 PM

এ সময় কারখানাটি সিলগালা করা হয়। গ্রেপ্তার দুজন হলেন- সাইফুল ইসলাম (২৪) ও জামাল মিয়া (৩২)।

শুক্রবার দুপুরে হাজারীবাগের সোনাতনগড় এলাকায় ‘হাইপো ফিড’ নামে একটি কারখানায় অভিযান চালানো হয় বলে ভ্রাম্যমাণ আদালতের হাকিম এএইচএম আনোয়ার পাশা জানান।

কারখানার মালিক খলিল ক্যান্সারে আক্রান্ত হওয়ায় সাইফুল ইসলাম কারখানাটি পরিচালনা করে আসছিলেন। জামাল তার সহযোগী হিসেবে কাজ করতেন।

পাশা বলেন, “বেশি লাভের আশায় সাইফুল ট্যানারি থেকে চামড়ার বর্জ্য সেদ্ধ করে তা শুকিয়ে শুটকী বানায়। সেই শুটকি গুড়িয়ে পোল্ট্রি খাবার তৈরি করে বাজারে বিক্রি করা হত।”

তিনি জানান, গত চার বছর ধরে এভাবে পোল্ট্রি খাবার তৈরি করে বাজারজাত করে আসার কথা ভ্রাম্যমাণ আদালতে স্বীকার করেন সাইফুল ও জামাল।

র‌্যাব কর্মকর্তা পাশা বলেন, “সাইফুলকে দুই বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকার জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সাজা দেয়া হয়। আর জামালকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের সাজা দেয়া হয়।”

তিনি জানান, ট্যানারির চামড়া প্রক্রিয়াজাত করার সময় ধাপে ধাপে বিশ ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। চামড়ার বর্জ্য দিয়ে পোল্ট্রি খাবার তৈরি করা হলে হাঁস-মুরগির মাধ্যমে তা মানবদেহে প্রবেশ করে যা ক্ষতিকর।

অভিযানে র‌্যাব-২ এর উপ-পরিচালক ড. মো. দিদারুল আলম ও প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি চিকিৎসক লুৎফর রহমান উপস্থিত ছিলেন।