২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর আহ্বান

শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহিদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 09:42 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা প্রত্যাশা করেছেন তিনি।

শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বঙ্গবন্ধু শিশু একাডেমি আয়োজিত ‘বিজয় উৎসব-২০১৪’ উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন এই সংসদ সদস্য।

বঙ্গবন্ধু শিশু একাডেমির সভাপতি শহিদ বলেন, “শিশুদের কাছে মুক্তিযুদ্ধের এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক রাজনৈতিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যেই আমাদের এই উৎসব। সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুদের মাঝে এই ইতিহাস তুলে ধরে তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।”

এই উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৬৬ জন শিশু-কিশোর অংশ নেয়। রঙ-তুলিতে স্মৃতিসৌধ, ৭ মার্চের ভাষণরত বঙ্গবন্ধুর প্রতিকৃতি, জাতীয় পতাকা ও গ্রাম বাংলার চিত্র ফুটিয়ে তোলে তারা।

সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে উৎসবের শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা লায়ন এম কে বাশার, বঙ্গবন্ধু শিশু অ্যাকাডেমির সাধারণ সম্পাদক এ কে এম শহীদুল ইসলাম ও কেন্দ্রীয় সদস্য ওবায়দুল হক খান বক্তব্য রাখেন।

এ সময় সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী আফসারুল আমিন উপস্থিত ছিলেন।

বিকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের ‘বিজয় উৎসব’ শেষ হয়।