তিনদিনের কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ
যুদ্ধাপরাধের বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার আন্দোলনকে আরো জোরদার করতে বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবসকে সামনে রেখে তিনদিনের কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ।
শুক্রবার বেলা ১২টায় দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার।
সংবাদ সম্মেলনে মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধসহ গণজাগরণ মঞ্চের ৬ দফা দাবি নিয়ে নানা ষড়যন্ত্র ও আপোষের রাজনীতি শুরু হয়েছে।
“এই প্রতিকুলতায় গণজাগরণ মঞ্চ আন্দোলন-সংগ্রামকে আরো জোরদার করতে আমাদের এই কর্মসূচি।”
তিন দিনের কর্মসূচি নিয়ে ইমরান জানান, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে সকাল ৭টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা, বিকাল ৩টায় শাহবাগে শহীদ পরিবারের সদস্যদের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ‘রক্ত আলেখ্য’ এবং সন্ধ্যায় শহীদদের স্মরণে শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত ‘আলোর মিছিল’ কর্মসূচি পালন করা হবে।
তিনি আরও জানান, ১৫ ডিসেম্বর বিকাল ৩টায় শাহবাগে ‘যুদ্ধাপরাধের বিচার, সাম্প্রদায়িক রাজনীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানের কর্মসূচি রয়েছে।
১৬ ডিসেম্বর বিকাল ৪টা ৩১ মিনিটে দেশে-বিদেশের সব গণজাগরণ মঞ্চে একসঙ্গে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি রাখা হয়েছে।
গণজাগরণ মঞ্চের নিজের কর্মসূচি ছাড়াও ‘বিজয় দিবস উদযাপন জাতীয় কমিটি’র সব কর্মসূচিতে মঞ্চের কর্মীরা অংশ নিবেন বলেও জানান মুখপাত্র ইমরান।
