২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরুতে ‘টর্চার সেলে’ বাংলাদেশি নির্যাতন

“সেখানে লাশের গন্ধ, মাথার হাড়গোড় আর খুলি; যারা বেঁচে যায় মুক্তিপণের দাবিতে তাদের ওপর চলে অমানুষিক নির্যাতন।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 07:05 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

ইরানের মরুভূমির এই চিত্র বর্ণনা করেছেন উন্নত জীবনের আসায় পাচারকারীর ফাঁদে পড়ে মধ্যপ্রাচ্য ঘুরে নিঃস্ব হয়ে আসা কয়েক বাংলাদেশি শ্রমিক।

মোটা অংকের অর্থ দিয়ে বিদেশ যাত্রার পর নির্যাতন সয়ে, কেউবা সঙ্গে মুক্তিপণের টাকা দিয়ে দেশে ফিরেও প্রতারকের কাছ থেকে অর্থ ফেরত পাননি তারা।

ভয়াবহ এই অভিজ্ঞতা যাতে আর কারো না হয় সেজন্য অভিবাসন আইনের বাস্তবায়নের দাবি তুলেছেন তারা।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অভিবাসন আইন নিয়ে এক আলোচনা সভায় নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন প্রতারণার শিকার এসব শ্রমিক।

এদেরই একজন বরিশালের মো. ইলিয়াস। ২০১১ সালে চার লাখ টাকা খরচ করে আবুধাবিতে গিয়েছিলেন তিনি। মাসে ৫০ দিরহাম পারিশ্রমিকে কাজ জোটে তার। তবে বেশি দিন স্থায় হয়নি ওই চাকরি। ১১ মাস পর তাকে নিয়ে যাওয়া হয় ওমানে।

“এরপর সেখান থেকে টানা ২৬ ঘণ্টা মরুভূমির মধ্য দিয়ে পায়ে হাটিয়ে নিয়ে যাওয়া হয় অজানা একটি স্থানে। সেখানে ছিল পঁচা লাশের গন্ধ, আশপাশে মানুষের হাড়গোড়, যারা নিয়ে আসে তারাই জানায় এগুলো বাংলাদেশিদের লাশ।”

অজ্ঞাত ওই স্থান ইরানের মরুভূমি বলে পরে জানতে পারেন ইলিয়াস।

তিনি বলেন, আশপাশের দেশ থেকে বাংলাদেশিদের নিয়ে যাওয়া হয় ইরানের মরুভূমির ওই স্থানে। মরুর পথেই কেউ কেউ মারা যান। সেখানে পৌঁছানোর পর নির্যাতনে মৃত্যু হয় অনেকের; তাদেরই হাড়গোড়, মাথার খুলি পড়ে থাকে মরুর বালিতে।

“সেখানে পৌঁছানোর পর দেশে ফেরত আসতে চাইলে শুরু হয় নির্যাতন। পাঁচ লাখ টাকা না দিলে মুক্তি নেই, টাকা না আসা পর্যন্ত চলে লোহা গরম করে সেকা আর পায়ের নোখ উঠিয়ে ফেলার মতো বর্বরতা,” বলেন তিনি।

দরিদ্র পরিবার থেকে গরু-ছাগল, জমি বেঁচে তার মুক্তির জন্য তিন লাখ ৬৫ হাজার টাকা পাঠানো হয় বলে জানান ইলিয়াস।

এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। দেড় বছর পর নিঃস্ব হয়ে দেশে ফিরে আসেন বলে জানান তিনি।

প্রায় একই অভিজ্ঞতার কথা জানান ২০১২ সালে মধ্যপ্রাচ্যে যাওয়া পটুয়াখালীর ইসহাক ফারুকী। চার লাখ ২০ হাজার টাকা খরচ করে ওমানের ভিসায় গেলে পরে তাকে আরব সাগর পাড়ি দিয়ে নেওয়া হয় ইরানে।

স্পিড বোটে নেওয়ার সময় সাত সঙ্গী মারা যাওয়ার পর তাদের সাগরে ফেলে দেও্য়া হয় বলে জানান ফারুকী।

তিনি বলেন, “ইরানে নিয়ে আটকে রেখে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। চলতে থাকে নির্যাতন, দেশ থেকে প্রায় নয় লাখ টাকা দেওয়ার পর ছাড়া পাই।”

চাঁদপুরের আবু সাইদ খান বলেন, “গ্রিসে নিয়ে যাওয়ার কথা বলে আমাকে নিয়ে যাওয়া হয় দুবাইয়ে। সেখান থেকে ইরানের একটি দ্বীপে, সেখানে কাজ দেওয়ার কথা বলে চার লাখ টাকা চাওয়া হয়।

“এরপর নির্যাতনের মধ্যে এক পর্যায়ে পুলিশের হাতে আটক হওয়ার পর তাদের সহায়তায় দেশে ফিরে আসি।”

নারায়ণগঞ্জের আসমা আক্তার ডালিয়া গিয়েছিলেন দুবাইয়ে। ভালো বেতনে চাকরির লোভ দেখানো হয়েছিল তাকে।

“কিন্তু সেখানে যাওয়ার পর যার মাধ্যমে গিয়েছিলাম সেই আমাকে পাঁচ হাজার দিরহামে অন্য একজনের কাছে বিক্রি করে দেয়।

“ওই বাড়িতে কাজের জন্য আমাকে কোনো বেতন দিত না। গৃহকর্ত্রী নানা রকম নির্যাতন চালাত। এক পর্যায়ে তারাই আমাকে দেশে ফেরত পাঠায়।”

তবে ফিরে আসার পর মামলা করলেও দালালদের বা এজেন্সির কাছ থেকে ক্ষতিপূরণ পাননি বলে জানান তিনি।

নিউজনেক্সটবিডি ডটকম ও ওয়্যারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ‘অর্ডিলস অফ মাইগ্র্যান্টস: ইমপ্লিমেনটেশন অফ মাইগ্রেশন অ্যাক্ট ২০১৩’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

ওয়্যারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল হক বলেন, “একটি চক্র স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলছে, এজন্য সচেতনতা তৈরি করে আইন সম্পর্কে অবহিত করতে হবে।”

জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলীও বিদেশ যাওয়ার বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেন।

“না জেনে-শুনে তারা অন্ধের মতো ফাঁদে পা দিচ্ছে, প্রতারণার পর মামলা হলেও পরে দুই পক্ষ সমঝোতায় আসায় দায়ীদের শাস্তি নিশ্চিত করা যায় না। এজন্য সচেতনতা তৈরি করতে হবে,” বলেন তিনি।

নিউজনেক্সটবিডি ডটকমের সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে ওয়্যারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বক্তব্য রাখেন।