২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ম্যাসেজে উত্তর, দণ্ডিত ১৪

বগুড়ায় স্কুল শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মোবাইল ফোন ম্যাসেজের মাধ্যমে উত্তর সংগ্রহ করার অভিযোগে ১৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 06:56 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

শুক্রবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান মাসুদ ও ফয়সাল হক বগুড়া সার্কিট হাউসে এ আদালত চালান।  

বগুড়ার তিনটি পরীক্ষা কেন্দ্র প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজ, পৌর উচ্চ বিদ্যালয় ও সিটি বালিকা বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে তাদের মোবাইল ফোনসহ আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয় তাদের।

ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান মাসুদ ও ফয়সাল হক জানান, পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তারা জানান, এটা পরীক্ষা প্রশ্ন ফাঁস নয়, ফাঁস হলে পরীক্ষার আগে উত্তরগুলো পাওয়ার কথা। হলের মধ্যে ওই কয়েকজনের মোবাইল ফোনে উত্তর পাওয়া গেছে। এটি এক ধরনের পরীক্ষায় অসদুপায় আবলম্বন।

দণ্ডিতরা হলেন মো. জান্নাতুল ফেরদৌস (৩২), মো. জহুরুল ইসলাম (২৯), মো. মোস্তাফিজার রহমান (৩০), খোকন মিয়া (২২), মোস্তাফিজুর রহমান (২০), শামীম প্রধান (২৬), রাফিউল রাফি (২৬), আক্কাস আলী (২৮), আব্দুল হান্নান (২৯), কামরুল হাসান (২১), শহিদুল ইসলাম (২৭), মামুনুর রশীদ (২৯), সন্তোষ কুমার (২৮) ও দেবব্রত কুমার (২৬)।