গেজেটে নাম নেই, রাষ্ট্রীয় মর্যাদাও নেই মুক্তিযোদ্ধার
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দেওয়া সনদ থাকলেও গেজেটে নাম না থাকায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়নি বরগুনার মুক্তিযোদ্ধা মাহতাব হোসেনকে (৬২)।
শুক্রবার দুপুরে নিজ এলাকা সদর উপজেলার খেজুরতলা গ্রামে তাকে দাফন করা হয়েছে। এর আগে বেলা ১১টায় খেজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বরগুনার একাধিক মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা।
বরগুনা থানার ওসি মো. রিয়াজ হোসেন সাংবাদিকদের জানান, রাষ্ট্রীয় সম্মান জানানোর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর জেলা কমান্ডার জানান, মাহতাবের নাম গেজেটভুক্ত হয়নি, তাই তাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া যাবে না।
এ কারণে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়নি বলে ওসি জানান।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান বরগুনা জেলা সভাপতি আজমল হুদা মিঠু বলেন, “জেলা কমান্ডারের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগকারীদের একজন ছিলেন মাহতাব হোসেন। এ জন্যই প্রতিহিংসামূলকভাবে বিজয়ের মাসে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধা দেওয়া হয়েছে।”
মাহতাবের ছেলে আরিফুর রহমান সোয়েবের দাবি, এ বছরের জুলাই মাসে মুক্তিযোদ্ধাদের এককালীন ভাতা ৩৬ হাজার টাকা পেলেও জেলা কমান্ডার সেখান থেকে ২০ হাজার টাকা রেখে দেন। ওই বিষয়ে প্রতিবাদ করায় তিনি রাষ্ট্রীয় সম্মান দিতে দেননি।
সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর বরগুনা জেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার ও সাধারণ সম্পাদক সুখরঞ্জন শীল বলেন, যে মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয়ভাবে ভাতা পেয়েছেন সেই মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় সম্মান পাবেন না এটা খুবই দুঃখজনক।
টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে জেলা কমান্ডার আব্দুর রশিদ বলেন, মাহতাব মুক্তিযোদ্ধা নন। প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বাক্ষরিত সনদের কারণে তিনি ভাতা পেতেন।
