সুন্দরবন রক্ষার দাবিতে মানববন্ধন
সুন্দরবন রক্ষার দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ নামের একটি সংগঠন।
শুক্রবার অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে যাওয়া নদীতে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ, সুন্দরবনের নদীতে ছড়িয়ে পড়া তেল দ্রুত অপসারণ এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রসহ সুন্দরবনের জন্য ক্ষতিকর সকল প্রকল্প বাতিলের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
বিজ্ঞান আন্দোলন মঞ্চের সভাপতি রিয়াজুল হক সুমনসহ সংগঠনটির সদস্যরাও মানববন্ধনে অংশ নেন।
খুলনার পদ্মা অয়েল ডিপো থেকে ৩ লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার ফার্নেস অয়েল নিয়ে গোপালগঞ্জের একটি বিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার পথে গত মঙ্গলবার ভোরে দুর্ঘটনায় পড়ে ওটি সাউদার্ন স্টার-৭ নামের একটি ট্যাংকার।
এমটি টোটাল নামে একটি কার্গো জাহাজের ধাক্কায় সাউদার্ন স্টারের একপাশের খোল ফেটে যায় এবং সেটি ডুবতে শুরু করে।
দুর্ঘটনার দুই দিন পর ডুবে যাওয়া ট্যাংকারটি বৃহস্পতিবার উদ্ধার করা হয়। তবে এরই মধ্যে সাউদার্ন স্টারে থাকা সাড়ে তিন লাখ লিটার ফার্নেস অয়েলের প্রায় পুরোটাই সুন্দরবনের ৩৪ হাজার হেক্টর এলাকায় ছড়িয়ে পড়েছে বলে বন বিভাগের কর্মকর্তারা ধারণা করছেন।
