বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের ধাক্কায় ট্রাক্টর চালকের মৃত্যু
বঙ্গবন্ধু সেতুর ওপর ট্রাকের ধাক্কায় এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।
নিহত বিশারত আলী (৪০) ঢাকার চান্দুরা এলাকার আক্তার আলীর ছেলে।
বঙ্গবন্ধু সেতুর রক্ষাবেক্ষণকারী ঠিকাদার প্রতিষ্ঠান এমসিসিসির ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষের সহকারী ব্যবস্থাপক শামসুল হক জানান, শুক্রবার সকাল ৮টার দিকে সেতুর উত্তর লেইনে ৪৬ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা হয়।
"উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী একটি ট্রাক্টর আরেকটি নষ্ট ট্রাক্টরকে টেনে সেতু পার করছিল। ট্রাক্টর দুটি সেতুর উত্তর লেনের ৪৬ নম্বর পিলারের কাছে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাক্টর দুটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক বিশারত আলী ঘটনাস্থলেই মারা যান।"
নিহতের লাশ উদ্ধার করে সেতুর পূর্বপাড় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে শামসুল হক জানান।
তিনি বলেন, দুর্ঘটনার পর সেতুতে যানজট দেখা দেয়। ক্ষতিগ্রস্ত ট্রাক্টর দুটি সরিয়ে নিলে আধা ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
